দক্ষিণ চীন সাগরে ক্রমবর্ধমান উত্তেজনার মুখে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে নতুন করে ভারতের দিকে ঝুঁকছে ফিলিপাইন। সম্প্রতি ভারতের ব্রাহ্মোস অ্যান্টি-শিপ মিসাইল ক্রয়ের পর, ম্যানিলা এখন ভারতীয় প্রযুক্তির তৈরি আকাশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং পিনাকা রকেট লাঞ্চার অধিগ্রহণের কথা বিবেচনা করছে। সামরিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ম্যানিলার প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি পূরণ করবে এবং দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত সামরিক সম্পর্কের ভিত্তি মজবুত করবে।
ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের প্রতিবেদনে ফিলিপাইন ও ভারতের প্রতিরক্ষা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, ফিলিপাইন প্রায় পাঁচটিরও বেশি রেজিমেন্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং কয়েক ব্যাটারি পিনাকা রকেট লাঞ্চার কিনতে আগ্রহী। এর আগে ফিলিপাইনের প্রতিরক্ষা সচিব গিলবার্ট টেওডোরো নিশ্চিত করেছিলেন যে, তার দেশ আরও ব্রাহমোস মিসাইল কিনতে চায় এবং দ্বীপরাষ্ট্রটির ভৌগোলিক পরিবেশ ও অবকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে মিসাইলে কিছু পরিবর্তনের প্রস্তাবও ভারতকে পাঠিয়েছে। ডিলটি চূড়ান্ত হলে ভারত ও ফিলিপাইনের এই কৌশলগত চুক্তি আরও এক ধাপ এগিয়ে যাবে এবং ফিলিপাইন হবে ভারতের প্রথম প্রতিরক্ষা অংশীদার, যাদের কাছে ভারত একসাথে একাধিক জটিল সামরিক অস্ত্র ব্যবস্থা হস্তান্তর করবে।
ফিলিপাইনের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত ইসরায়েলি স্পাইডার সিস্টেম এবং অল্প সংখ্যক যুদ্ধবিমানের ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক সংকটের কারণে ম্যানিলা বিকল্প বাজারের দিকে নজর দিয়েছে। সামরিক বিশ্লেষক ভিনসেন্ট কাইল পারাদা জানান, দীর্ঘপাল্লার আকাশ, পিণাক ও ব্রাহ্মোসের সঠিক সংমিশ্রণ ফিলিপাইনের সমুদ্রসীমা ও আকাশসীমায় প্রতিপক্ষের প্রবেশ ঠেকিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফিলিপাইনের ব্রাহমোসের মতো গুরুত্বপূর্ণ সামরিক কাঠামোকে শত্রুভাবাপন্ন ড্রোন বা বিমান হামলা থেকে রক্ষা করবে, অন্যদিকে পিনাকা রকেট লাঞ্চার কম খরচে প্রতিপক্ষের প্রতিরোধ ক্ষমতাকে ভেঙে দিয়ে উপকূলীয় প্রতিরক্ষাকে সুসংহত করতে সাহায্য করবে।
ভারতের দিল্লিভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের গবেষক অভিষেক শর্মা ও তু নীর মুখার্জি এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রিসি পাটনায়ক ও উর্জা তাপন উল্লেখ করেছেন যে, ভারতের এই অস্ত্রগুলো অত্যন্ত সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং জটিল কোনো রাজনৈতিক বা লজিস্টিক শর্ত ছাড়াই সংগ্রহ করা সম্ভব।
উপরন্তু, ভারতীয় সেনাবাহিনীতে এগুলো বাস্তবে সফলভাবে ব্যবহৃত হওয়ায় ম্যানিলার কাছে এগুলোর গ্রহণযোগ্যতা অনেক বেশি। বিশ্লেষকরা মনে করছেন, আগস্ট ২০২৫-এ ভারত ও ফিলিপাইনের মধ্যে যে কৌশলগত অংশীদারিত্বের সূচনা হয়েছিল, ব্রাহমোস, আকাশ ও পিনাকার সমন্বয়ে সেই সম্পর্ক এখন বাস্তবিক সামরিক শক্তিতে রূপ নিতে যাচ্ছে, যা ভবিষ্যতে যৌথ সামরিক প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ সরবরাহ এবং প্রতিরক্ষা শিল্পে দীর্ঘমেয়াদি সহযোগিতার দুয়ার খুলে দেবে।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট