ক্যাম্পাস

জকসু নির্বাচন:এবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদল সমর্থিত এক প্রার্থীর বিরুদ্ধে

  জাগো কন্ঠ ২০ ডিসেম্বর ২০২৫ , ৩:০১ অপরাহ্ণ

মাহমুদুল হাসান জবি সংবাদদাতা

এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ছাত্রদল সমর্থিত প্যানেলের এক প্রার্থীর বিরুদ্ধে। তিনি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিয়ে তেহেরী পার্টির ঘোষণা দেয়ায় আচরণবিধির ১১ (ঙ) ধারা লঙ্ঘন হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, আর্নিকা আরাফাত জকসু নির্বাচনে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদে ছাত্রদল সমর্থিত প্যানেল ‘অপরাজিতার অগ্রযাত্রা’ থেকে সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ পদে পদপ্রার্থী।

সূত্র জানায়, (১) জবিয়ান নামে একটি মেসেঞ্জার গ্রুপে তিনি আজ সন্ধ্যায় তেহেরী পার্টির ঘোষণা দিয়েছেন। সেখানে আর্নিকা আরাফাত লিখেছেন, “আসসালামু আলাইকুম, আজ ১৮ ই ডিসেম্বর সন্ধ্যায় ক্যাম্পাসের ২য় গেটে ১৯ ব্যাচের সকলকে নিয়ে আমরা খাসির তেহেরী পার্টির আয়োজন করেছি। আপনারা সকলে সেখানে আমন্ত্রিত, সবাই আসবেন আশা করি।”

অন্যদিকে জকসু আচরণবিধির ১১ এর ঙ নং ধারায় বলা হয়েছে, “গেইট বা তোরণ নির্মাণ, প্যান্ডেল বা ক্যাম্প স্থাপন ও আলোকসজ্জাকরণ সংক্রান্ত বিধি-নিষেধ সম্পর্কে বলা হয়, ভোটারগণকে কোনোরকম পানীয় বা খাদ্য পরিবেশন বা কোনোরূপ উপঢৌকন প্রদান করতে পারবেন না।”

আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে অভিযুক্ত আর্নিকা আরাফাত বলেন, আপনি কি আমার সাথে মজা করছেন জকসুর আচরণবিধি লঙ্ঘন হয়েছে? এটার হোস্ট আমি না। এর আগেও ১৮ ব্যাচ মিলে বারবিকিউ পার্টি করছে। আমি এ সম্পর্কে কিছু বলতে চাই না।

এ বিষয়ে নির্বাচন কমিশনারের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী বর্তমানে ক্যাম্পাসে চলছে নির্বাচনী প্রচারণা। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত এ প্রচারণা চলবে। এ ছাড়া ভোট গ্রহণ হবে আগামী ৩০ ডিসেম্বর।

আরও খবর: