জাগো কন্ঠ ৩১ জানুয়ারি ২০২৬ , ১০:৫৬ পূর্বাহ্ণ
মো. মাহমুদুল হাছান রোহান, কুবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। তথ্যসেবা, পরিবহন ও আবাসনসহ নানা উদ্যোগে সংগঠনটির আয়োজন ভর্তিচ্ছু ও অভিভাবকদের নজর কাড়ে।
শাখা ছাত্রশিবির সূত্রে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ জেলার মোট ৯টি কেন্দ্রে ছাত্রশিবির পক্ষ থেকে তথ্য ও সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ক্যাম্পাসে শহীদ ওসমান হাদী গার্ডিয়ান প্যাভিলিয়ন এবং শহীদ আব্দুল কাইয়ুম তথ্যকেন্দ্র থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। এসব কেন্দ্রে বিশ্রামের ব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহ, পরীক্ষাকেন্দ্রে দ্রুত পৌঁছে দেওয়ার জন্য বাইক সার্ভিস এবং বই, কলম, স্টিকারসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হচ্ছে।
ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধায় এর আগেই শিবিরের উদ্যোগে ফ্রি বাস সার্ভিস ‘আর রিহলাহ’ চালু করা হয়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী এসব বাস পদুয়ার বাজার ও রেলস্টেশন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলাচল করছে। পাশাপাশি দূরদূরান্ত থেকে আগত কয়েক হাজার পরীক্ষার্থীর জন্য শিবিরের মেসে অস্থায়ী আবাসন ও খাবারের ব্যবস্থাও করা হয়েছে বলে জানায় সংগঠনটি।
ইমতিয়াজ নামে একজন ভর্তিচ্ছু শিক্ষার্থী বলেন, ‘তাদের ওভারঅল কার্যক্রম আমার দারুণ লেগেছে। তাদের সহায়তা ও দিকনির্দেশনায় আমরা উপকৃত হয়েছি। তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমরা যারা দূর থেকে এসেছি তাদের জন্য এই তথ্য ও সেবা কেন্দ্রগুলো খুবই দরকার।’
গার্ডিয়ান রেঞ্জে বসে থাকা একজন অবিভাবক বলেন, শিবিরের এমন কাজ সত্যিই প্রশংসনীয়। তাদের এই তথ্য কেন্দ্র, সহায়তা কেন্দ্র তারপর শুনলাম তারা ফ্রি বাস সার্ভিস দিয়েছিলো সবই খুবই প্রশংসনীয়। যারা ভর্তি পরীক্ষা দিতে আসে তাদের জন্য এগুলো উপকারে আসে। ‘
কুবি শাখা শিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, “ভর্তি পরীক্ষার্থীরা যেন নিরাপদ, সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক পরিবেশে পরীক্ষায় অংশ নিতে পারে, সে জন্য আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে তথ্য সেবা কেন্দ্র স্থাপন করেছি। এছাড়া কেউ যেন পরীক্ষার সময় সংকটে না পড়ে, সে জন্য জরুরি ভিত্তিতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে বাইক সার্ভিস চালু রয়েছে। পাশাপাশি দূরদূরান্ত থেকে আগত কয়েক হাজার শিক্ষার্থীর জন্য আমাদের মেসে আবাসন ও খাবারের ব্যবস্থাও করা হয়েছে, যাতে কেউ রাতে ভোগান্তিতে না পড়ে এবং সকালে নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই ছাত্রশিবিরের মূল লক্ষ্য। আগামীতেও শিক্ষার্থীদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে আমরা মানবিক ও দায়িত্বশীল কর্মসূচি চালিয়ে যাবো—ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গত শুক্রবার শুরু হয়। এদিন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ‘এ’ ইউনিটের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। শনিবার মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ‘বি’ ইউনিট এবং একই দিন বিকেলে বিজনেস স্টাডিজ অনুষদের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
















