জাগো কণ্ঠ ডেস্ক ২৯ এপ্রিল ২০২৬ , ৫:৩৩ অপরাহ্ণ
মাহাবুব তালুকদার:
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বজ্রপাতে রাজিব শেখ (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার জপসা ইউনিয়নের মাইচপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজিব শেখ একই গ্রামের হারুন শেখের ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক ছিলেন। পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তায় পড়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দুপুরের দিকে কীর্তিনাশা নদীতে মাছ ধরতে যান রাজিব। হঠাৎ আকাশ মেঘে ঢেকে যায় এবং দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পরই বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি।
পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গ্রামবাসীরা জানান, হঠাৎ এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই বজ্রপাতের সময় নদীতে না যাওয়ার বিষয়ে সতর্কতার কথা তুলে ধরেন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার বিষয়ে আলোচনা চলছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বজ্রপাতের সময় খোলা মাঠ, নদী বা উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন। ঝড়-বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে থাকা অত্যন্ত জরুরি বলে তারা উল্লেখ করেন।
শ/আই
















