জাগো কণ্ঠ ডেস্ক ৮ মার্চ ২০২৬ , ৮:৩২ অপরাহ্ণ
মাহাবুব তালুকদার:
শরীয়তপুর পৌর এলাকায় নাগরিক নিরাপত্তা জোরদার করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিজিটাল নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই আধুনিক প্রযুক্তিভিত্তিক নিরাপত্তা ব্যবস্থার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য জনাব সাঈদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য জনাব মো: সফিকুর রহমান কিরন।
জেলা প্রশাসন, শরীয়তপুরের উদ্যোগে বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় ১৪ কিলোমিটার জুড়ে অত্যাধুনিক এআই প্রযুক্তি সমৃদ্ধ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এই স্মার্ট নজরদারি ব্যবস্থার মাধ্যমে শহরের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা সম্ভব হবে। পাশাপাশি মাদকদ্রব্যের অবৈধ বিক্রি ও ব্যবহার নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি ও ছিনতাই প্রতিরোধ, সড়ক দুর্ঘটনা শনাক্তকরণ, যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ এবং অগ্নিকাণ্ডসহ বিভিন্ন জরুরি পরিস্থিতি দ্রুত শনাক্ত করা যাবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগম বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা সম্ভব হবে। এই এআই প্রযুক্তি সমৃদ্ধ ক্যামেরা ব্যবহারের ফলে শহরে অপরাধ প্রবণতা কমবে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো দ্রুত পদক্ষেপ নিতে পারবে।
তিনি আরও বলেন, শুধু শরীয়তপুর পৌর এলাকাতেই নয়, পর্যায়ক্রমে জেলার অন্যান্য পৌরসভা ও ইউনিয়ন পরিষদ এলাকাকেও এই ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের এই উদ্যোগকে শহরের নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্মার্ট সিটি ব্যবস্থাপনার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

















