মিরপুর (ঢাকা) প্রতিনিধি :
রাজধানীর মিরপুর-১২ এলাকার কালশীর কুর্মিটোলা পূর্ব ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘ক্যাপ্টেন’স একাডেমি ফিরোজা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (এফআইও) ফাউন্ডেশন’-এর অঙ্গপ্রতিষ্ঠান ক্যাপ্টেন’স স্কুল।
উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফিরোজা সুলতানা মিমি।
সুবিধাবঞ্চিত ও অসচ্ছল পরিবারের শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করা এবং তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই এই শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে।
প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য হলো, অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কোনো শিশুর শিক্ষাজীবন যেন ব্যাহত না হয়। শিক্ষার মাধ্যমে শিশুদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখার উপযোগী নাগরিক হিসেবে তৈরি করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
এই মহতী উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জমিদাতা মো. কারিমুল্লাহ বাবু। হতদরিদ্র পরিবার এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে তিনি বিদ্যালয়ের জন্য জমি দান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহান আব্দুল্লাহ আদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনুস, সুজন ও হুমায়ুন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মের ভবিষ্যৎ গড়ার প্রত্যয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফিরোজা সুলতানা মিমি বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা কেবল ইট-পাথরের দালান নির্মাণ নয়, বরং এটি একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের কারখানা। আমার দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল — অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিশুর শিক্ষাজীবন থমকে না যায়। সেই স্বপ্ন থেকেই এই অবৈতনিক শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু।”
তিনি আরও বলেন, “প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে আমার একটিই চাওয়া — তোমরা মন দিয়ে পড়াশোনা করবে, বড়দের সম্মান করবে এবং নিজেকে একজন সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে। তোমাদের সাফল্যই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতি আহান আব্দুল্লাহ আদি সকলের সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।