Jahirul Hasan
প্রকাশ : Jul 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধ : নাগরিকদের মধ্যপ্রাচ্যে ভ্রমণে সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র


ইরান যুদ্ধের কারণে নাগরিকদের মধ্যপ্রাচ্যে ভ্রমণ বিষয়ক সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় বলা হয়েছে, “মধ্যপ্রাচ্যে ব্যাপক উদ্বেগজনক পরিস্থিতির কারণে নিরাপত্তাগত পরিবেশ এখনও বেশ জটিল অবস্থায় আছে। যে কোনো সময়ে অপ্রত্যাশিতভাবে উত্তেজনা বেড়ে যেতে পারে। এ কারণে মার্কিন নাগরিকদের এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে ভ্রমণের ব্যাপারে নিরুৎসাহিত করছে সরকার।”

“সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা অবশ্যই সংবাদমাধ্যমে নিয়মিত চোখ রাখবেন এবং যে কোনো বিপদে বা প্রয়োজনে নিকটস্থ মার্কিন দূতাবাস/ কনস্যুলেটে যোগাযোগ করবেন।”

ইসলামাবাদ সমঝোতা চুক্তির শর্ত অমান্য করে গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে আমিরাতের দুই বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরানের প্রতিরক্ষা বাহিনীর ড্রোন হামলার পর তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পায়। ওই হাশলার ২ দিন পেরোনোর পর ৮ জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছিলেন, ““ইরানের সঙ্গে আমাদের যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। সম্প্রতি তারা হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরান, যা ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তির স্পষ্ট লঙ্ঘণ। ইরানে ক্ষমতাসীন সরকারের নেতারা অসুস্থ এবং নিকৃষ্ট। আমি মনে করি, হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলার পর তাদের সঙ্গে শান্তিচুক্তির জন্য আলোচনা করা সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয়।”

ট্রাম্প এই বক্তব্য দেওয়ার পর ১১ জুলাই থেকে প্রতি রাতে ইরানে সামরিক অভিযান পরিচালনা করছে সেন্টকম। গতকাল শুক্রবার টানা সপ্তম রাতের মতো অভিযান পরিচালনা করা হয়েছে।

এদিকে ইরানও বসে নেই। সেন্টকমের হামলার জবাব দিতে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মার্কিন ঘাঁটি ও সেনাস্থাপনাগুলো লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা আইআরজিসি।

শুক্রবার রাতে সেন্টকমের অভিযানের পর তাৎক্ষণিক এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, “যুক্তরাষ্ট্র যদি এমন হামলা অব্যাহত রাখে, সেক্ষেত্রে ইরান নিজেকে শুধু পাল্টা হামলার মধ্যেই সীমিত রাখবে না; পূর্ণমাত্রায় যুদ্ধে নামবে এবং সেক্ষেত্রে (মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের) কোনো রাজনৈতিক সীমান্ত সুরক্ষিত থাকবে না।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেদরগঞ্জ মহাসড়ক এখন মরণফাঁদ

1