নানা পাটেকরের প্রয়াণ যেন এক নক্ষত্রের পতন। হঠাৎ করেই তার এই বিদায় শোকাতুর করে তুলেছে ভারতের পুরো বিনোদন অঙ্গনকে। প্রয়াণের পর তাকে স্মরণ করছেন তার ভক্ত, সহকর্মী ও সিনেপ্রেমীরা। এবার হিন্দি সিনেমার জগতের এই গুণী অভিনেতার বিদায়ে স্মরণ করলেন দেশের বরেণ্য অভিনেতা তারিক আনাম খান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় দেওয়া এক ফেসবুক পোস্টে নানা পাটেকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারিক আনাম খান লেখেন, ‘একজন অভিনেতার প্রতিকৃতি বলতে যা বোঝায় নানা পাটেকর ছিলেন তাই। মুখাবয়ব, কণ্ঠস্বর, উচ্চতা, শরীর; সবকিছুই যেন অভিনয়ের জন্য তৈরি। কোটিপতি থেকে খেটে খাওয়া মানুষ, সব চরিত্রেই যেন মানিয়ে যেত অনায়াসে। অসাধারণ কণ্ঠ আর অসম্ভব দ্রুত জড়তাহীন পরিষ্কার কথা বলার ক্ষমতা, হালকা কিংবা বাঁকা হাসি বা খোলা দরাজ হাসি, চোখে মায়া কিংবা ক্রোধ কিংবা কঠিন বা ঠান্ডা দৃষ্টি বা ভালোবাসা; সব যেন অনাবিল। কমেডি কিংবা দুঃখ, ক্রুরতা, নিষ্ঠুরতা, সব কিছুতেই অনায়াস চলাচল। নানা পাটেকর নিজের মতো করেই অনন্য, নিজের একটা ধারা; কারো সাথেই যেন মেলে না। ভালো লাগুক বা না লাগুক অস্বীকার করা যায় না।’
এই কিংবদন্তি শিল্পীর মানবিক রূপ ও জীবনদর্শনের কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘আর মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা আর দরদ যা না থাকলে শিল্পী হওয়া যায় না; নানা পাটেকর ছিলেন তাই। নির্লোভ আর সাধারণ জীবনাচরণ। তিনি থাকবেন মানুষের মনে শ্রদ্ধায় ভালোবাসায়—বহুদিন, বহুদিন। অনন্ত যাত্রা শুভ হোক নানা।’
উল্লেখ্য, গোয়ার মণিপাল হাসপাতালে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নানা পাটেকর। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়ে তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। অবশেষে ভোর ৫টা ২০ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। গুণী এই প্রবীণ অভিনেতার প্রস্থানের মধ্য দিয়েই অবসান ঘটল বলিউডের এক অবিস্মরণীয় যুগের।