দেশজুড়ে

ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

  জাগো কণ্ঠ ডেস্ক ৩০ মার্চ ২০২৩ , ৫:৩৮ অপরাহ্ণ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার সৈয়দপুর ও দিনাজপুর মহাসড়কের চাম্পাতলি বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার কিসমত ফতেজংপুর ডাঙ্গার হাট গ্রামের মৃত গোমুল্লা শাহের ছেলে মো. গোলজার আলী (৪০) ও খানসামা উপজেলার চরকডাঙ্গা দুবলিয়া গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে মো. ফজলে রাব্বী দুলাল (৪০)।

স্থানীয়রা জানান, দুই মোটরসাইকেল আরোহী চাম্পাতলি বাজার থেকে রানীরবন্দরে দিকে যাচ্ছিল। এ সময় একটি গাড়িকে ওভারটেক করার সময় রানীরবন্দর থেকে সৈয়দপুরের দিকে আসা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।