ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সিরাজগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন ওয়ার্ড, শিক্ষাপ্রতিষ্ঠান, পাড়া-মহল্লা ও সরকারি দপ্তরে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ কর্মসূচিতে নিজেই অংশ নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
শনিবার (২৪ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় জেলা প্রশাসক পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
জেলা প্রশাসনের উদ্যোগে একই সঙ্গে জেলার প্রায় সব সরকারি দপ্তর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও এ কর্মসূচি পালিত হয়। এসব কার্যক্রমে এক হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, পরিচ্ছন্নতাকর্মী ও সচেতন নাগরিক অংশ নেন।
অভিযানের মাধ্যমে বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা অপসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পানি অপসারণ করে মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন ও সক্রিয় হওয়ার পরামর্শ দেওয়া হয়।