জাগো কণ্ঠ ডেস্ক ২৪ সেপ্টেম্বর ২০২২ , ৯:০৫ পূর্বাহ্ণ
প্রশ্নফাঁসের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলমান এসএসসির মোট ছয়টি বিষয়ের প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। বিষয়গুলো হলো- গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত। এর মধ্যে চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করে নতুন সূচি ঘোষণা করা হয়েছে। জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত বিষয়ের শুধুমাত্র প্রশ্নপত্র বাতিল করা হয়েছে।
জানা গেছে, বাতিল হওয়া দুটি বিষয়ের প্রশ্নপত্র তৈরি হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এই দুটি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বলেন, আমরা এরইমধ্যে নতুন প্রশ্নপত্র তৈরি করেছি। এই দুই পরীক্ষা আগের নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।
সূচি অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বর (বুধবার) জীববিজ্ঞান এবং ১ অক্টোবর (শনিবার) উচ্চতর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে প্রশ্নফাঁসের কারণে গত ২১ সেপ্টেম্বর (বুধবার) দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলমান এসএসসির চার বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়। পরদিন ২২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এই চার বিষয়ের পরীক্ষার নতুন সূচি ঘোষণা করা হয়।
সংশোধিত রুটিন অনুযায়ী, দিনাজপুর শিক্ষা বোর্ডের গণিত পরীক্ষা হবে ১০ অক্টোবর, ১১ অক্টোবর হবে কৃষি শিক্ষা। এছাড়া রসায়ন পরীক্ষা হবে ১৩ অক্টোবর এবং ১৫ অক্টোবর হবে পদার্থবিজ্ঞান। সব পরীক্ষাই বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হবে। ব্যবহারিক পরীক্ষাগুলো ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নতুন সময়সূচি অনুযায়ী সেগুলো ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার রাতে এই বোর্ডের আরও দুই বিষয়ের প্রশ্নপত্র বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, চলমান এসএসসি পরীক্ষার স্থগিত ৪ বিষয় যথাক্রমে গণিত (আবশ্যিক), পদার্থ বিজ্ঞান, কৃষি শিক্ষা, রসায়ন ও আরও দুটি বিষয় যথাক্রমে জীববিজ্ঞান ও উচ্চতর গণিতসহ মোট ছয়টি বিষয়ের প্রশ্নপত্র বাতিল করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে বাতিল হওয়া প্রশ্নপত্রগুলো ট্রেজারি অফিসগুলো কঠোর নিরাপত্তার সঙ্গে আলাদা করে পৃথক ট্রাঙ্কে সংরক্ষণের জন্য অনুরোধ করা হলো।














