জাগো কণ্ঠ ডেস্ক ২২ মার্চ ২০২৩ , ১২:২৮ অপরাহ্ণ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা মডেল মসজিদের দ্বিতীয় তলায় একটি কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মসজিদের ওই কক্ষের দুইটি দরজা, দুইটি জানালা, মেজে ও উপরের সিলিংয়ের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২১ মার্চ) রাত সোয়া এগারোটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে বুধবার (২২ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও পুলিশ সুপার মো. শহীদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এরপর সেখানে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ও গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা গেছে, বুধবার রাত আনুমানিক সোয়া এগারোটার দিকে বেগমগঞ্জ উপজেলার আলীপুর এলাকায় নির্মিত উপজেলা মডেল মসজিদের দ্বিতীয় তলায় মুয়াজ্জিন ও খাদেম থাকার কক্ষে আকস্মিক এক বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে কক্ষটির দুইটি দরজা ও দুটি জানালা ক্ষতিগ্রস্ত হয়। জানালার গাছগুলো ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। তবে বিস্ফোরণের সময় কক্ষটিতে মুয়াজ্জিন ও খাদেমদের কেউ না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, মডেল মসজিদের একটি কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। তবে বিস্ফোরণের উৎস সম্পর্কে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার সময় ওই কক্ষে কেউ ছিল কিনা সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি। বিস্ফোরণের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য এরই মধ্যে বিশেষজ্ঞ দলকে খবর পাঠানো হয়েছে।








