দেশজুড়ে

ইন্টার্ন চিকিৎসকের হাত-পা ভেঙে দিলেন সহকর্মীরা

  জাগো কণ্ঠ ডেস্ক ৩ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:১৬ পূর্বাহ্ণ

যশোর মেডিকেল কলেজের ছাত্রাবাসে জাকির হোসেন (২৮) নামের এক ইন্টার্ন চিকিৎসককে মারধর করে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে সহকর্মীদের বিরুদ্ধে। গুরুতর আহত জাকির হোসেন বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে যশোর মেডিকেল কলেজ ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) আহত ইন্টার্ন চিকিৎসকের বড় ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। আহত জাকির হোসেন রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর গ্রামের মৃত সুরুজ জামানের ছেলে।

আহতের বড় ভাই জাহাঙ্গীর আলম বলেন, ভাইকে ডাক্তারি পড়াশোনা করার জন্য যশোর মেডিকেলে ভর্তি করেছিলাম। এখন সন্ত্রাসী হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তার দুই পা ও এক হাত হকিস্টিক দিয়ে ভেঙে দিয়েছে।

তিনি আরও বলেন, জাকিরের শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি মারধরের চিহ্ন রয়েছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। কলেজ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সঠিক বিচার কামনা করছি।

অপর এক প্রশ্নের জবাবে মহিদুর রহমান বলেন, অনেকেই পড়াশোনা শেষ হলেও ছাত্রাবাসে রয়েছে। বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় তাদের নামিয়ে দিতে পারি না। এই বিষয়ে অনেকটাই চাপে থাকে কলেজ প্রশাসন।

এই বিষয়ে গঠিত তদন্ত কমিটির সদস্য ও সহকারী হোস্টেল সুপার ডা. হিমাদ্রি শেখর সরকার বলেন, ঘটনাটি দুঃখজনক। ইতোমধ্যে আহত ইন্টার্ন চিকিৎসককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত চলমান। দ্রুতই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

যশোর জেলা পুলিশের মুখপাত্র ও জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার বলেন, এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।