জাগো কণ্ঠ ডেস্ক ২৫ এপ্রিল ২০২৬ , ১০:০৩ পূর্বাহ্ণ
মাহাবুব তালুকদার:
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নে তিন ফসলি কৃষিজমির টপসয়েল কেটে অবৈধ ও অপরিকল্পিতভাবে মাছের খামার গড়ে তোলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয়রা।
বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে স্থানীয়দের পক্ষে জানে আলম হাওলাদার জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এতে ছয়গাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান ভুট্টু মজুমদারসহ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বর্তমান ইউপি চেয়ারম্যান লিটন মোল্লার নেতৃত্বে একটি চক্র আরজিপম ও পাপরাইল এলাকায় প্রায় ৬০ একর তিন ফসলি জমি কেটে অবৈধভাবে মাছের প্রকল্প গড়ে তুলছে। এতে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জমির স্বাভাবিক গঠন নষ্ট হয়ে যাচ্ছে।
সাবেক চেয়ারম্যান কামরুল হাসান ভুট্টু মজুমদার বলেন, এই ধরনের কর্মকাণ্ড শুধু কৃষির ক্ষতি করছে না, বরং কৃষকদের জীবিকাকেও হুমকির মুখে ফেলছে। আমরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চাই এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাই।”
মানববন্ধনে অংশগ্রহণকারী অন্যান্য বক্তারাও একই সুরে বলেন, তিন ফসলি জমিতে এ ধরনের অবৈধ প্রকল্প স্থাপন, মাটি কাটা এবং জমি দখল বন্ধ না হলে এলাকায় কৃষি উৎপাদন ভয়াবহভাবে ব্যাহত হবে।
অন্যদিকে, এ অভিযোগ অস্বীকার করে ছয়গাঁও ইউপির বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান লিটন মোল্লা বলেন, “আমরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুমোদন নিয়েই মাছের প্রকল্প বাস্তবায়ন করছি।
মাহাবুব/আই












