নিজেদের প্রতিরক্ষা সহযোগিতা নীতিতে বড় পরিবর্তন এনেছে ভারত। সেই পরিবর্তনের অংশ হিসেবে, জাপানের জন্য নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেপণস্ত্র পরীক্ষা কেন্দ্রটি খুলে দেওযার প্রস্তুতি নিচ্ছে নয়াদিল্লি।
এই প্রস্তুতি শেষ হলে জাপান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য ওড়িশা রাজ্যের চণ্ডীপুরে অবস্থিত ‘ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ’ বা আইটিআর পরীক্ষাকেন্দ্রটি ভারতের সঙ্গে যৌথভাবে ব্যবহার করতে পারবে। এই কেন্দ্রটি ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সমরাস্ত্র নির্মাণ ও গবেষণা সংস্থা ডিআরডিও’র অধীনে আছে।
এ পদক্ষেপের মধ্যে দিয়ে প্রথমবার নিজের কোনো সামরিক স্থাপনা বাইরের কোনো দেশকে ব্যবহার করার সুযোগ দিচ্ছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্থে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট-কে জানিয়েছেন, চণ্ডীপুরের পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং অন্ধ্র প্রদেশে জাপানের নির্মিতব্য দুটি অত্যাধুনিক পরীক্ষা কেন্দ্রেও জাপানকে প্রবেশাধিকার দিতে ভারতের সরকার আগ্রহী।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষাকেন্দ্রের পাশাপাশি জাপানের সঙ্গে যৌথভাবে যুদ্ধজাহাজ নির্মাণ বিষয়ক একটি প্রকল্পও বিবেচনাধীনে রয়েছে নয়াদিল্লির। প্রস্তাবিত এ প্রকল্পের প্রাথমিক পর্যায়ে জাপানের সঙ্গে যৌথভাবে মোগানি সিরিজের মাল্টি-মিশন স্টেলথ ফ্রিগেট তৈরি করতে চায় ভারত।
ইতোমধ্যে জাপানকে নিজেদের শিপইয়ার্ড এবং প্রতিরক্ষা রাষ্ট্রীয় সংস্থাগুলি ব্যবহারের প্রস্তাব দিয়েছে নয়াদিল্লি, সেইসঙ্গে টোকিওর জন্য উৎপাদন এবং ভারত থেকে রপ্তানির সুযোগও দিয়েছে। কর্মকর্তাদের মতে, নিজ দেশের পরিবর্তে ভারতে উৎপাদন করা হলে তা একদিকে জাপানের জন্য অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হবে।
উল্লেখ্য, জাপান একসময় সাংবিধানিকভাবে শুধুমাত্র প্রতিরক্ষামূলক ভূমিকায় সীমাবদ্ধ একটি সামরিক শক্তি ছিল। তব এখন দেশটি ধীরে ধীরে দূরপাল্লার হামলা চালানোর সক্ষমতা, একটি সম্প্রসারণশীল প্রতিরক্ষা শিল্প গড়ে তোলায় মনোযোগ দিচ্ছে। মূলত দক্ষিণ চীন সাগর এবং ইন্দো-প্রশান্ত অঞ্চলে চীনের বাড়তে থাকা প্রভাবের কারণেই নিজেদের প্রতিরক্ষা বিভাগকে শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে জাপান।
গত সপ্তাহে নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছে জাপানের একটি সরকারি প্রতিনিধি দল। ‘টু প্লাস টু ডায়লগ’ নামে সেই বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তরা।