২০১৮ সালের সাফে তপু বর্মণের গোলে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। আট বছর পর আবার ঢাকায় সাফে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে স্বাগতিকরা। আজ সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ২৩ জনের স্কোয়াডে রয়েছেন তপু বর্মণ। গত দুই ম্যাচে ইনজুরির জন্য ছিলেন না তিনি।
ফিফা উইন্ডোর বাইরে টুর্নামেন্ট শুরু হওয়ায় সাফ ২৮ জনের স্কোয়াড রেখেছে। প্রতি ম্যাচের আগে ২৩ জনের নাম দেয় দলগুলো। গত ম্যাচে ২৩ জনের দলে ছিলেন না ফাহমিদুল। আজকের ম্যাচে অবশ্য তাকে চূড়ান্ত স্কোয়াডে রেখেছেন বাংলাদেশের কোচ থমাস ডুলি।
সাদ উদ্দিন ইনজুরির জন্য দল থেকে ছিটকে গেছেন। আজকের ম্যাচে সাদের ভাই তাজ উদ্দিনও স্কোয়াডের বাইরে। প্রবাসী ফুটবলার মাহে খান গত দুই ম্যাচের মতো আজও নেই ২৩ জনের দলে। স্বাধীনও নেই আজ চূড়ান্ত দলে।
২০২৩ সালে ব্যাঙ্গালুরু সাফে উত্থান বাংলাদেশের ফরোয়ার্ড শেখ মোরসালিনের। এই সাফে তিনি প্রথম ম্যাচে ছিলেন না। পরের ম্যাচে অবশ্য ২৩ জনের দলে ছিলেন। তবে মাঠে নামাননি কোচ। আজ সেমিফাইনালে মূল স্কোয়াডে জায়গা হয়নি তার।