জাগো কণ্ঠ ডেস্ক ১৪ জানুয়ারি ২০২৫ , ৫:০৭ পূর্বাহ্ণ
ভেদরগঞ্জ, শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে মাছের ঘের ও ইটভাটায় মাটি বিক্রির দায়ে দুটি ভেকু মালিককে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রোববার(১৩ জানুয়ারি) রাত ৯ টায় উপজেলার নারানপুর ইউনিয়নের ফেরাঙ্গিকান্দি ও রামভদ্রপুর ইউনিয়নে সূর্যমনি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল। এসময় ও দুটি ভেকু মেশিনের ড্রাইভারসহ মোট আটজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেবালুমহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এবং ইট প্রস্তুত এবং ভাটা (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর আলোকে দুটি মামলায় মোট এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল বলেন, ভেকু দিয়ে কৃষি জমির মাটি কেটে মাছের ঘের করার কোন সুযোগ নেই। কৃষি জমি শ্রেণি পরিবর্তন সম্পূর্ণভাবে নিষেধ। ড্রেজার এবং ভেকু দিয়ে কেউ যাতে কৃষি জমি নষ্ট না করে সেদিকের কথা চিন্তা করে সাঁড়াশি অভিযান পরিচালনা করছি। আজকে রামভদ্রপুর ও নারায়নপুর ইউনিয়নে এলাকার দুটি গ্রাম থেকে দুটি ভেকুর মেশিনের মালিক ড্রাইভার সহ আটজনকে আটক করি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদের দুটি মামলায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।আমাদের অভিযান অব্যাহত থাকবে।
শ/শ/আই

















