জাগো কণ্ঠ ডেস্ক ১৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:২৫ অপরাহ্ণ
ওয়াসিফুর রহমান, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাথে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং (MoU) করেছে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটি মার্কেট।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিভাগটিতে ‘ইনভেস্টরস ট্রেইনিং প্রোগ্রাম’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় সমঝোতা স্মারকে সাক্ষর করেন বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটি মার্কেটের ডিরেক্টর জেনারেল ড. তওফিক আহমেদ চৌধুরী এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো শরিফুল ইসলাম জুয়েল।
এসময় সহকারী অধ্যাপক মো শরিফুল ইসলাম জুয়েল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড মো এয়াকুব আলী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড সেলীনা নাসরিন, অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটি মার্কেটের ডিরেক্টর জেনারেল ড তওফিক আহমেদ চৌধুরী।
এছাড়াও কর্মশালার সেশন কন্ডাকটর হিসেবে ছিলেন বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটি মার্কেটস’র ফ্যাকাল্টি মেম্বার মো রিজভী আহমেদ, মো সাদ্দাম হোসাইন খান। উপস্থিত ছিলেন বিভাগের সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। কর্মশালায় আর্থিক সাক্ষরতা, বিনিয়োগকারী শিক্ষার গুরুত্ব, প্রাথমিক বাজার পরিচালনা সহ সিকিউরিটি মার্কেটের নানাবিধ বিষয়ে আলোচনা করেন।
এসময় ডিরেক্টর জেনারেল ড তওফিক আহমেদ চৌধুরী বলেন, বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটি মার্কেটে শিক্ষিত ইনভেস্টর তৈরির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই আপনারা মার্কেট সম্পর্কে জেনে বুঝে ইনভেস্ট করুন। তরুণ শিক্ষার্থীরা চাইলে সবকিছু পরিবর্তন করতে পারবে। তারা দেশকে যেমন পরিবর্তন করেছে তেমনি দেশের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসতে পারবে বলে প্রত্যাশা করি।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এই ধরনের কোম্পানির সাথে সমঝোতা করতে পারা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সৌভাগ্যের। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ যেটা পারেনি সেটা ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ করে দেখিয়েছে। নতুন বিভাগ হিসেবে এমন একটি উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।
বিভাগটির সভাপতি সহকারী অধ্যাপক মো শরিফুল ইসলাম বলেন, বিভাগের শিক্ষার্থীদের পথচলা সহজ করার লক্ষ্যে আমরা বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটি মার্কেটস এর সাথে পাঁচ বছরের একটি সমঝোতা করেছি। এই সমঝোতার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা ঐ কোম্পানিতে পেইড ইন্টার্নশিপ করার সুযোগ পাবে। এছাড়াও আমরা ট্রেইনিং সুবিধা, একাডেমিক সাপোর্ট ও ইনভেস্টর হিসেবে নানা সুযোগ সুবিধা পাবো। আশাকরি আমাদের শিক্ষার্থীদের জন্য এটি ফলপ্রসূ হবে।
ও/ই/বি/আই















