জাগোকন্ঠ ১৭ আগস্ট ২০২৪ , ৮:৫৯ পূর্বাহ্ণ
নূর ই ইলাহী দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
শেখ হাসিনা ও তার সহযোগীরা যে ‘হত্যাযজ্ঞ চালিয়েছে’ সেগুলোর বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনসহ চার দফা দাবিতে দেওয়ানগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র- জনতা। সংগঠনটির সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৭ আগস্ট) সকালে এ কর্মসূচি পালন করা হয়।
এদিন সকাল থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী – জনতা দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে সমবেত হতে থাকেন। বেলা ১১টার দিকে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে থেকে বাজার প্রদক্ষিণ করে। পরে মডেল থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা তাদের চার দফা দাবি তুলে ধরেন।
চার দফা দাবিগুলো হলো-
১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
২. সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে।
৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে।
৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে।
সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়ানগঞ্জ সমন্বয়ক সোহেল রানা, সৌরভ হাসান,আব্দুল্লাহ আল মুঈদ,নিশাদ হাসান,আশিকুর রহমান, মোছ: মেঘলা খাতুন ও শাহ নাসরুল্লাহ প্রমুখ।














