জাগোকন্ঠ ২৪ আগস্ট ২০২২ , ১১:৩২ পূর্বাহ্ণ
শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, ‘বিশ্বে বাংলাদেশ পরিচিত হয়েছিল মুজিবের দেশ হিসেবে। মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানকে (বাংলাদেশ) বহির্বিশ্ব সাহায্য করেছিল শেখ মুজিবুর রহমানের জন্য। তখন বাংলাদেশকে যারা চিনতো না তারা মুজিবের দেশ হিসেবে এই দেশকে চিনতো। আর তাই যুদ্ধকালীন সময়ে বিশ্বের অনেক দেশ আমাদের সাহায্য করেছিল।’
বুধবার (২৪ আগষ্ট) ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র: পেছন ফিরে দেখা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শুধু ইতিহাস বিভাগের জন্য ইতিহাস নিয়ে আলোচনা পর্যালোচনা করলে হবে না। প্রতিটা বিভাগে ইতিহাস সম্পর্কিত আলোচনা বাড়াতে হবে৷ তাহলেই শিক্ষার্থীরা আমাদের দেশের ইতিহাস সম্পর্কে আনেক ভালো করে জানতে পারবে৷’
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু সবসময় মেহনতী মানুষের জন্য কাজ করে গেছেন। সবসময় চাইতেন মানুষের কল্যাণে কিছু করার জন্য। তিনি চাইলেই পারতেন আরাম আয়েশে থাকতে। কিন্তু তিনি তা না করে দেশের মানুষের সেবা করতে গিয়ে ও বিভিন্ন কারণে অসংখ্য বার কারাভোগ করেছেন৷ আর সেই বঙ্গবন্ধুকে ঘাতকরা নির্মমভাবে হত্যা করেছে৷’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ সভাপতি অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।
বিশেষ অথিতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন, প্রবন্ধের ওপর মূখ্য আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম।

















