জাগো কণ্ঠ ডেস্ক ২৩ এপ্রিল ২০২৬ , ২:২৩ অপরাহ্ণ
মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় লাইব্রেরির সময়সূচি পরিবর্তন এবং লাইব্রেরিতে নিজস্ব বই নিয়ে প্রবেশের সুযোগের দাবিতে উপাচার্যের কাছে আবেদন জানিয়েছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ আবেদনপত্র জমা দেওয়া হয়।
আবেদনপত্রে শিক্ষার্থীরা উল্লেখ করেন, বর্তমানে কেন্দ্রীয় লাইব্রেরির সময় সীমিত হওয়ায় অনেক শিক্ষার্থী সুবিধাজনকভাবে পড়াশোনা করতে পারছেন না। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কাজের কারণে বিদ্যমান সময়সূচির মধ্যে লাইব্রেরি ব্যবহার করতে পারছেন না। এতে তাদের শিক্ষার মান উন্নয়নে বাধা সৃষ্টি হচ্ছে।
শিক্ষার্থীরা আরও বলেন, লাইব্রেরির বর্তমান সময়সূচি পরিবর্তন এবং প্রয়োজনীয় সংস্কার জরুরি। এতে শিক্ষার্থীরা আরও ভালোভাবে পড়াশোনা ও গবেষণার সুযোগ পাবেন।
আবেদনে তিনটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— লাইব্রেরির সময় বৃদ্ধি করে সকাল ৯টা থেকে সর্বনিম্ন রাত ১০টা পর্যন্ত খোলা রাখা, লাইব্রেরির ভেতরে বই নিয়ে প্রবেশের সুযোগ প্রদান এবং পর্যাপ্ত আসন, আলো-বাতাস, পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা।
এ বিষয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এস এম আশিকুর রহমান বলেন, একটি বিশ্ববিদ্যালয় এগিয়ে যায় তার শিক্ষার মান ও গবেষণার মাধ্যমে। অথচ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি বিকেল ৪টায় বন্ধ হয়ে যায়। তাহলে শিক্ষার্থীরা পড়বে কখন? আমরা চাই লাইব্রেরি সকাল ৭টা থেকে ন্যূনতম রাত ১০টা পর্যন্ত খোলা রাখা হোক। সেই সঙ্গে লাইব্রেরি সম্প্রসারণ করে পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হোক।
আবেদন জমা দেওয়ার সময় উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। এছাড়া আগামী রোববার লাইব্রেরির পরিচালকের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
বেরো/আই












