জাগো কণ্ঠ ডেস্ক ৫ মে ২০২৩ , ৬:৪৮ পূর্বাহ্ণ
সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজে (বিডিএস) ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রশ্ন তুলনামূলক সহজ হয়েছে দাবি করে ভর্তির আশা দেখছেন পরীক্ষা দিতে আসা প্রায় অধিকাংশ শিক্ষার্থী। তবে কেউ কেউ বলছেন, অন্যান্য বছরের তুলনায় প্রশ্ন কিছুটা সহজ হওয়ায় প্রতিযোগীর সংখ্যা বাড়বে। যে কারণে ভর্তি হওয়াটা চ্যালেঞ্জ হবে।
শুক্রবার (৫ মে) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর পাঁচটি কেন্দ্রসহ দেশের মোট ১২টি কেন্দ্রের ১৬টি ভেন্যুতে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সরেজমিনে রাজধানীর তিতুমীর কলেজ কেন্দ্রে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
গাজীপুরের টঙ্গী এলাকা থেকে পরীক্ষা দিতে আসা নূরে জান্নাত জ্যোতি বলেন, পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। তবে ক্যামিস্ট্রি আর ফিজিক্সের মধ্যে গাণিতিক প্রশ্ন বেশি এসেছে। কিন্তু পরীক্ষা দিয়ে মনে হচ্ছে আমার চান্স হবে ইনশাআল্লাহ। তবে প্রশ্ন কিছুটা সহজ হওয়ায় পাসের হার বেড়ে যেতে পারে। এক্ষেত্রে প্রতি সিটের জন্য প্রতিদ্বন্দ্বীর সংখ্যাও বেড়ে যাবে।
তিনি বলেন, ৮৮টি প্রশ্নের উত্তর দিয়েছি। এর মধ্যে দুইটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। বাকিগুলো আশা করি হয়ে যাবে। দোয়া করবেন যেন কোনোভাবে চান্সটা হয়ে যায়।
রাজধানীর মিরপুর থেকে পরীক্ষা দিতে আসা নুসরাত জাহান বলেন, আলহামদুলিল্লাহ… পরীক্ষা ভালো দিয়েছি। ১০০ নম্বরের মধ্যে ৮৫ নম্বর উত্তর দিয়েছি। কিন্তু পরীক্ষার কেন্দ্র থেকে বের হয়ে শুনছি সবার পরীক্ষাই ভালো হয়েছে। সবাই বলছে প্রশ্ন সহজ হয়েছে। দেখা যাক, অন্যদের মতো আমিও আশাবাদী।
প্রশ্নটা অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ পরীক্ষাও ভালো হয়েছে। সবমিলিয়ে ৮৮টি প্রশ্নের উত্তর দিয়েছি, আশা করছি এর মধ্যেই চান্স হবে।
অন্যান্য বছরের তুলনায় প্রশ্ন সহজ হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে প্রশ্ন খুব একটা কঠিন হয়নি। আমি গত বছরের প্রশ্ন দেখেছি, সে তুলনায় এ বছর বেশ সহজই হয়েছে বলে মনে হয়েছে।
এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, এ বছর ডেন্টালে ভর্তির জন্য ৩৭ হাজার ৫২৮ জন শিক্ষার্থী আবেদন করেন। এদিকে, সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে মোট আসন রয়েছে ৫৪৫টি। সেই হিসাবে আবেদনের সংখ্যা অনুযায়ী, এবার প্রতিটি আসনের বিপরীতে ৬৮ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন। তবে ২৬টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে আসন রয়েছে ১ হাজার ৪০৫টি। সব মিলিয়ে মোট আসন সংখ্যা ১ হাজার ৯৫০টি।















