দেশজুড়ে

নোবিপ্রবি প্রশাসনের ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ও সংহতি সমাবেশ মানববন্ধন

  জাগো কণ্ঠ ডেস্ক ৮ এপ্রিল ২০২৫ , ১:১৫ অপরাহ্ণ

মাহতাব চৌধুরী, নোবিপ্রবি প্রতিনিধিঃ

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে সংহতি সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘স্টপ জেনোসাইড, সেইভ গাজা’ স্লোগানকে প্রতিপাদ্য করে আজ মঙ্গলবার (০৮ এপ্রিল ২০২৫) নোবিপ্রবি কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল উপস্থিত ছিলেন।

সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত হয়ে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, গাজাবাসীদের পক্ষে আমরা গতকালও ছাত্রদের নিয়ে সংহতি সমাবেশ করেছি এবং আজকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে একত্রিত হয়েছি। আপনারা জানেন গাজায় যখন আক্রমণ শুরু হয় তখন একে একে তারা সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। আমরা দেখেছি তারা একটি  বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দিয়েছে এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদেরকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে। সেই ধ্বংসলীলা এখনো চালিয়ে যাচ্ছে। শিশুসহ মা-বোনদের তারা নির্মমভাবে হত্যা করেছে, যাতে পরবর্তী প্রজন্ম গড়ে উঠতে না পারে।

উপাচার্য আরও বলেন, আমরা এই সংহতি সমাবেশ থেকে গণহত্যার প্রতিবাদ এবং ইসরায়েলিদের এই হামলা অবিলম্বে বন্ধের জন্য বিশ্ববাসীর কাছে দাবি জানাচ্ছি। শত শত মানুষকে হত্যা করে তারা পর্যটন কেন্দ্র বানাবে মুসলিম বিশ্ব এটা কখনোই সহ্য করবে না। প্রতিরোধ গড়ে তোলা যাবে তখনই যখন আমরাও জ্ঞান-বিজ্ঞান চর্চায় এগিয়ে যাবো। আমরা চাই আমাদের প্রজন্ম যেন আধুনিক শিক্ষা ও প্রযুক্তিগতভাবে আরও দক্ষ হয়ে ওঠে। আমরা মানবতা এবং ন্যায়ের পক্ষে আছি। বিশ্ব মানবতা জেগে উঠুক, এটাই হোক আজকের সমাবেশের প্রতিপাদ্য।

নোবিপ্রবি আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদের সঞ্চালনায় মানববন্ধনে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, এর আগে গতকাল সোমবার ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে নোবিপ্রবি সকল ক্লাস ও পরীক্ষাসমূহ স্থগিত ঘোষণা করে এবং সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত অফিসসমূহ বন্ধ রাখা হয়।

 

নো/বি/আই

আরও খবর: