জাগো কন্ঠ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:৪৫ অপরাহ্ণ
নোবিপ্রবি প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে দেশব্যাপী পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমে অংশ নিয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে সংগঠনটির সদস্যরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেন।
বিএনসিসি সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের অধীনে পরিচালিত পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমে সদস্যরা বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং জেলা রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে নিয়োজিত ছিলেন। ভোট গ্রহণ ও গণনার প্রক্রিয়া সুষ্ঠু, স্বচ্ছ ও শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন করতে তারা প্রশাসনকে সহায়তা দেন।
এ উপলক্ষে বিএনসিসির অধীন ময়নামতি রেজিমেন্ট–এর তত্ত্বাবধানে ১০টি জেলায় উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা, বিএনসিসিও/পিইউও, সামরিক প্রশিক্ষক, ক্যাডেট ও বেসামরিক কর্মচারী অংশ নেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটের দিন ও পরবর্তী গণনা কার্যক্রমে দাপ্তরিক সমন্বয়, নথিপত্র ব্যবস্থাপনা, নিরাপত্তা সহযোগিতা এবং শৃঙ্খলা রক্ষায় তারা সক্রিয় ভূমিকা পালন করেন।
বিএনসিসির পক্ষ থেকে বলা হয়, জাতীয় গুরুত্বপূর্ণ এ দায়িত্ব যথাযথভাবে পালনে সদস্যরা পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও শৃঙ্খলার পরিচয় দিয়েছেন। ভবিষ্যতেও রাষ্ট্রের প্রয়োজনে এ ধরনের সাংবিধানিক ও জাতীয় দায়িত্ব পালনে সংগঠনটি প্রস্তুত রয়েছে বলে জানানো হয়।
নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তরুণ ক্যাডেটদের অংশগ্রহণ পুরো কার্যক্রমে গতি ও শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হয়েছে। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলেছে বলেও মন্তব্য করেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, বিএনসিসি দীর্ঘদিন ধরে জাতীয় দিবস, দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক সচেতনতা কার্যক্রম এবং বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে সহায়ক শক্তি হিসেবে ভূমিকা রেখে আসছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬–এর পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে সংগঠনটি আবারও তাদের সক্ষমতা ও দায়িত্বশীলতার পরিচয় দেয়।

















