অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে গিয়ে এক ম্যাচে জয়, আরেক ম্যাচে ইনিংস ব্যবধানে হার। দুই ম্যাচের সিরিজে এমন অভিজ্ঞতার পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করছেন, এত দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে খেলা মোটেও সহজ নয়।
২০০৩ সালের পর এবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যায় বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজের প্রথমটিতে ৯ উইকেটে জয় পেলেও দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে শান্তর দল।
ম্যাচ শেষে শান্ত বলেন, ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় এসে এমন কন্ডিশনে দেশটির মানসম্পন্ন বোলিং আক্রমণের বিপক্ষে খেলা সহজ ছিল না।
তিনি বলেন, ‘এখানে আমরা ২৩ বছর পরে এসেছি। এমন কন্ডিশনে এই বোলিং আক্রমণের বিরুদ্ধে এত বছর পর খেলা সহজ নয়। যদি আমরা নিয়মিত আসতে পারতাম, তাহলে খেলোয়াড়রা মানিয়ে নিয়ে ভালো ক্রিকেট খেলতে পারত।’
দলের বেশির ভাগ খেলোয়াড়ের অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা না থাকাকেও বড় বিষয় হিসেবে দেখছেন শান্ত। তাঁর ভাষায়, ‘৯০ শতাংশ প্লেয়ার এখানে আগে খেলেনি। ফলে তারা জানে না কীভাবে মানিয়ে নিয়ে এমন বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলতে হয়। আমরা চাই এমন কন্ডিশনে নিয়মিত খেলতে, ২৩ বছর বা ২৫ বছর পরপর নয়।’
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট খেলার অভিজ্ঞতা সামনের বছর ওয়ানডে বিশ্বকাপে কাজে লাগাতে চান বাংলাদেশ অধিনায়ক। বিশেষ করে পেস ও বাউন্স সামলানোর অভিজ্ঞতাকে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।
শান্ত বলেন, ‘অনেক কিছুই। পেস এন্ড বাউন্স অনেক চ্যালেঞ্জ ছিল। এই অভিজ্ঞতা অবশ্যই কাজে দেবে। তাদের বোলিং আক্রমণ দারুণ মানসম্পন্ন ছিল। চেষ্টা করব উন্নতি করতে। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে এই অভিজ্ঞতা কাজে দেবে।’
অস্ট্রেলিয়া সফর থেকে দলের শেখার অনেক কিছু আছে বলেও মনে করেন শান্ত। তাঁর মতে, দুই বা তিন দিনে টেস্ট শেষ হয়ে যাওয়া নতুন কোনো ঘটনা নয়। তবে সামনে এগোতে হলে দলকে ধারাবাহিক হতে হবে।
তিনি বলেন, ‘প্রথমবার ২ দিনে খেলা শেষ হয়েছে এরকম নয়। এখানে অনেকবারই এভাবে ২ বা ৩ দিনে খেলা শেষ হয়েছে। এটা হতেই পারে। দল হিসেবে আমাদের ধারাবাহিক হতে হবে যদি সামনে আগাতে চাই।’
ব্যাটিংয়ে আরও উন্নতির প্রয়োজন আছে জানিয়ে শান্ত বলেন, বোলাররা ভালো করছে। তাই ব্যাটারদেরও নিজেদের জায়গা থেকে আরও শিখতে হবে এবং ভালো ক্রিকেট খেলে যেতে হবে।
তিনি বলেন, ‘ব্যাটিংয়ে আমাদের ঠিকভাবে আগাতে হবে, কারণ বোলাররা ভালো করে যাচ্ছে। আমাদের আরও শিখতে হবে যে কীভাবে ভালো ক্রিকেট খেলে যেতে পারি। এমন অভিজ্ঞতা আগেও হয়েছে আমাদের। এই অভিজ্ঞতা সামনে আগাতে কাজে দেবে।’