বিপক্ষে টেস্ট সিরিজের প্রথমটিতে ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ দল। তবে দেশ ছাড়ার আগে ভক্ত-সমর্থকদের মনে শঙ্কা ছিল কয়দিন খেলতে পারবে টাইগাররা। সব শঙ্কা উড়িয়ে দিয়ে অজিদের মাটিতে দাপট দেখিয়েই জিতল বাংলাদেশ দল।
ডারউইনে এমন বড় জয়ের পর দল কতটা আত্মবিশ্বাসী দল, এমন প্রশ্নও এখন সামনে আসছে। এ নিয়ে আজ বৃহস্পতিবার প্রধান কোচ ফিল সিমন্স বললেন, ‘আসলে টেস্ট ম্যাচ জিতলে তো আত্মবিশ্বাস পাবেনই। আমরা ভালো খেলেছি। ভালো একটি টেস্ট ম্যাচ জিতেছি। ফলে আত্মবিশ্বাস অনেক বেশি আছে।’
কোচিং ক্যারিয়ারের সেরা জয় কিনা এমন প্রশ্নের জবাবে সিমন্স বলেন, ‘অবশ্যই, আমার কোচিং ক্যারিয়ারের সেরা টেস্ট জয় এটি। অন্য ফরম্যাটে কিছু বড় জয় ছিল। তবে টেস্ট ক্রিকেটই সেরা।’
জিম্বাবুয়েতে হারের পর এই সিরিজে কী পরিবর্তন এলো প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আসলে অনুশীলন সেশনগুলো তো আমি দেখি। তিনদিনের প্রস্তুতি ম্যাচের সময় আমাদের অনুশীলন, টেস্ট ম্যাচের আগের অনুশীলন সবকিছুই আমার দেখা। আমাদের কাজ আসলে কখনও পরিবর্তন হয়নি। যদিও আমরা (প্রস্ততি ম্যাচে) ৫৪ রানে অলআউট হয়েছি। তবে আমাদের কাজে কোনো বদল আসেনি। এগুলোই আমাকে আত্মবিশ্বাস এনে দেয়। আমাকে বিশ্বাসী করে তোলে যে, তারা ভালো কিছু করতে চায়। ফলে কোনো না কোনো সময়ে (সাফল্য) ধরা দেবেই।’
ডারউইনে হারলেও ম্যাকাইতে শক্তিশালী হয়ে ফিরবে অস্ট্রেলিয়া দাবি সিমন্সের, ‘আমি কেবল একটি কথাই বারবার বলে যেতে চাই, অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী হয়ে ফিরে আসবে। ফলে আমাদেরকে নিজেদের লেভেল ধরে রাখতে হবে অথবা কিছুটা উন্নতি করতে হবে। আমরা যদি একভাগও উন্নতিও করতে পারি, তাহলে নিশ্চিত করতে হবে যে, আমরা মাঠে তা করে দেখাচ্ছি। তবে আমরা জানি, অস্ট্রেলিয়া তাদের খেলা বদল করে আমাদেরকে চেপে ধরবে।’