দেশজুড়ে

কাহালু পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

  জাগোকন্ঠ ২৬ অক্টোবর ২০২২ , ৪:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার কাহালু পৌরসভার ২৬ লাখ ৭৯ হাজার ৩৩৩ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

আজ বুধবার বিকেলে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) দুপচাঁচিয়া অফিসের লোকজন বগুড়ার কাহালু পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এতে করে পৌরসভার প্রায় সব কাজকর্ম বন্ধ হয়ে গেছে।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর পৌর মেয়র, কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী অনেকটা হতাশার মধ্যে পড়েছেন।

পৌরসভার সহকারী প্রকৌশলী এখলাসের তথ্যমতে, ২০২০ সালের ডিসেম্বর মাস পর্যন্ত পৌরসভার বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ ছিল ৩৮ লাখ ৯ হাজার ৩৯৯ টাকা। ওই সময় থেকে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করা হচ্ছে।

নেসকো পত্র দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধের তাগিদ দেওয়ার পর থেকে ধীরে ধীরে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করা শুরু হয়। ৩৮ লাখ ৯ হাজার ৩৯৯ টাকা থেকে কমিয়ে বর্তমানে বকেয়া বিলের পরিমাণ দাঁড়িয়েছে ২৬ লাখ ৭৯ হাজার ৩৩৩ টাকা।

কাহালু পৌর মেয়র আব্দুল মান্নান জানান, গত বছর দায়িত্ব নেওয়ার পর থেকে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছি। বিদ্যুৎ বিভাগের লোকজন যখন সংযোগ বিচ্ছিন্ন করতে আসে তখন তাদেরকে অনুরোধ করেছি আগামীকাল দুই লাখ টাকা এবং এক মাসের মধ্যে ২০ লাখ টাকা পরিশোধ করব। তারপরও পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পর সরকারি গুরুত্বপূর্ণ কাজকর্মসহ প্রায় সব কাজই বন্ধ হয়ে গেল।

নেসকো দুপাচাঁচিয়া অফিসের নির্বাহী প্রকৌশলী জানান, বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে কাহালু পৌরসভাকে চারবার নোটিশ দেওয়া হয়েছে। এরপরও বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় সরকারি বিধি মোতাবেকই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

আরও খবর: