দেশজুড়ে

ডামুড্যায় চাপাতা আনতে গিয়ে নিখোঁজ হওয়া শিশুর লাশ মিলল ডোবায়

  জাগো কণ্ঠ ডেস্ক ২১ সেপ্টেম্বর ২০২২ , ১০:৩০ পূর্বাহ্ণ

মাহাবুব তালুকদার:

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলাধীন দারুলআমান ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের বকুলতলা গ্রামে লামিয়া নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে ডামুড্যা থানা পুলিশ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার দারুল আমান ইউনিয়নের বকুলতলা এলাকার একটি জংঙ্গলের ডোবা থেকে তার মৃত দেহটি উদ্ধার করা হয়।
লামিয়া (৬) দারুল আমান ইউনিয়নের বড় ব্রিজ ঘাট এলাকার হাবিব ব্যাপারীর একমাত্র মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লামিয়াকে বিকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। না পাওয়ায় মাইকিং করা হয়। মাইকিং করার পরপরই রাত ৮টার দিকে ঐ এলাকার জংঙ্গলের ডোবায় লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। লামিয়ার শরীরের বেশ কিছু জায়গায় জখমের দাগ রয়েছে। তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লামিয়ার নানি আনোয়ারা বেগম বলেন, বিকালে লামিয়া আমাদের বাড়িতে এসে চলে যায়। পরে দোকানে যায় চাপাতা আনতে। এর পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। মাইকেও এই ঘোষণা দেওয়া হয়। পরে তার লাশ উদ্ধার করা হয় ডোবা থেকে। আমার নাতিনকে কারা যেন মেরে ওখানে ফেলে রেখে যায়। আমি এর সঠিক বিচার চাই।

ডামুড্যা থানার অফিসার ইনচার্জ ওসি শরীফ আহমেদ বলেন, আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।