বিনোদন

শোবিজ ছেড়ে সন্যাস নিলেন অভিনেত্রী নূপুর অলঙ্কার

  জাগোকন্ঠ ২০ আগস্ট ২০২২ , ১০:২১ পূর্বাহ্ণ

ভারতীয় টিভি অভিনেত্রী নূপুর অলঙ্কার। প্রায় তিন দশক ধরে শোবিজ অঙ্গনে তার বিচরণ। কিন্তু হঠাৎ করে চাকচিক্য এই জগত ছেড়ে সন্যাস নিয়েছেন তিনি।

দীর্ঘ অভিনয় কেরিয়ারে ১৫৭টি ধারাবাহিকে অভিনয় করেছেন নূপুর। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— ‘শক্তিমান’, ‘তন্ত্র’, ‘ঘর কি লক্ষ্মী বেটিয়া’ ইত্যাদি। পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

শোবিজ ছাড়ার বিষয়টি নিশ্চিত করে ভারতীয় একটি সংবাদমাধ্যমে এই অভিনেত্রী বলেন, ‘আধ্যাত্মিকতার প্রতি আমার ঝোঁক অনেক আগে থেকেই। পাশাপাশি আধ্যাত্ম অনুসরণ করতাম। সম্পূর্ণরূপে এই পথে নিজেকে সঁপে দেওয়া শুধু সময়ের ব্যাপার ছিল।’

অভিনয়ে ফেরার আর কোনো ইচ্ছা নাই বলে জানান নূপুর। তার ভাষায়, ‘পর্দায় ভান ও মিথ্যার এই বিষয়গুলো একেবারে ছেড়ে দিয়েছি। ২০২০ সালের ডিসেম্বরে যখন মা মারা যায়, তারপরই আমি বুঝতে পারলাম— হারানোর ভয় আর আমার নেই। সকল দায়িত্ব ও প্রত্যাশা থেকে নিজেকে মুক্ত মনে হয়েছে। তালেবান সরকার দায়িত্ব নেওয়ার পর আমার ভাইয়ের স্ত্রী আফগানিস্তানে আটকা পরেছিলেন। এজন্য সন্যাস নিতে দেরি হয়েছে।’

নিজের সন্যাস জীবন নিয়ে নূপুর বলেন, ‘যখন শোবিজ অঙ্গনে ছিলাম জনপ্রিয়তা ও সাফল্য নিয়ে ভাবতাম। এখন অনেক শান্তিতে আছি। মাটিয়ে শুয়ে থাকি এবং একবেলা খাই।’

তার এই সিদ্ধান্তে স্বামীকে পাশে পেয়েছেন নূপুর। তিনি বলেন, ‘তার কাছ থেকে আমাকে অনুমতি নিতে হয়নি। এ বিষয়ে একবার কথা হয়েছিল। সে জানত আমি কোথায় যাচ্ছি। আমার সিদ্ধান্ত মেনে নিয়ে আমাকে মুক্তি দিয়েছে।’

দিনে একটি পাঁকা পেঁপে, একটি আপেল খান। তার পরিধানের জন্য তার চার জোড়া পোশাক ও এক জোড়া স্যান্ডেল রয়েছে। নূপুর জানান, তীর্থযাত্রা ও আনুসাঙ্গিক খরচের জন্য তার মুম্বাইয়ের ফ্ল্যাট ভাড়া দিয়েছেন তিনি।