জাগো কন্ঠ ৭ নভেম্বর ২০২৫ , ৯:২১ পূর্বাহ্ণ
মো. মাহমুদুল হাছান রোহান, কুবি।
প্রতিষ্ঠার প্রায় দুই দশক পর অবশেষে সীমানা প্রাচীর পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। ২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ক্যাম্পাসে সীমানা প্রাচীর না থাকায় দীর্ঘদিন ধরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিষয়টি বারবার তুলে ধরা হলেও প্রশাসনিক জটিলতায় কাজটি এতদিন সম্পন্ন হয়নি।
তবে অবশেষে সেই প্রত্যাশা পূরণ হয়েছে, দৃশ্যমান হয়েছে ক্যাম্পাসের সীমানা প্রাচীর। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সীমানা প্রাচীর নির্মাণকাজ প্রায় শেষ বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সূত্রে জানা যায়, টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হয়েছে এবং অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। বাকী কাজ আগামী জুনের মধ্যেই পুরোপুরি সম্পন্ন হয়ে যাবে। সম্পূর্ণ বাজেট ১ কোটি ৭০ হাজার টাকার মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে জানান তারা এবং নান্দনিকতার জন্য পুরোনো দেয়ালগুলোও সংস্কার করা হবে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এ জেড এম ফারুক বলেন, ‘কুবি শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা আর নানা আলোচনার পর অবশেষে বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর বা নিরাপত্তা বেষ্টনী নির্মিত হয়েছে।সেইজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কে সাধুবাদ জানাই।
বিশ্ববিদ্যালয়ের অন্যতম মৌলিক বিষয় নিরাপদ ও সুশৃঙ্খল ক্যাম্পাস। সেই দিকটিতে আমরা পিছিয়ে ছিলাম। সীমানা প্রাচীর না থাকায় বহিরাগতদের অবাধ প্রবেশ, অরাজকতা, এমনকি শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতিও তৈরি হয়েছে বহুবার।
তিনি আরও বলেন, শুধুমাত্র নিরাপত্তা বেষ্টনী বিশ্ববিদ্যালয় এরিয়াকে পুরোপুরি নিরাপদ করতে পারবেনা, সেইজন্য বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম এর নিয়মিত মনিটরিং এর দিকে আলোকপাত করার অনুরোধ ও করে রাখলাম।’
এবিষয়ে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সাইয়্যেদা নাফিজা নিফিল বলেন, ‘ক্যাম্পাস সুন্দর, এবং নিরাপদ হবে সেটা আমরা সবাই চাই। বিশ্ববিদ্যালয়ে কোন নিরাপদ বেষ্টনী না থাকার কারণে বহিরাগতরা এখানে প্রবেশ করে এবং নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে,
ক্যাম্পাসের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য বর্তমান কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি উদ্যোগ বাস্তবায়ন করেছে। একজন মেয়ে হিসেবে নিরাপদ স্থানে থাকার বিষয়টি তুলনামূলকভাবে অন্য বিষয়গুলো থেকে বেশি ভাবতে বাধ্য হই। বর্তমানে যে উদ্যোগটি বাস্তবায়ন করা হয়েছে আমি মনে করি ক্যাম্পাসের সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সময়োপযোগী সিদ্ধান্ত।’
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নির্বাহী সিভিল প্রকৌশলী মোঃ মফিজুল ইসলাম বলেন, ‘এখানে আমাদের দুটি প্রকল্প চলমান রয়েছে। একটি হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় সীমানা প্রাচীর উত্তর এবং অন্যটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সীমানা প্রাচীর দক্ষিণ। দক্ষিণ দিকের প্রাচীরের কাজটি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্ত ছিল, যার জন্য বরাদ্দ ধরা হয়েছিল ৯১ লক্ষ টাকা। এ কাজের প্রায় সবটুকু সম্পন্ন হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে যে কাজটি চলমান রয়েছে, সেটি হলো সীমানা প্রাচীর উত্তর অংশের কাজ। এটি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটভুক্ত প্রকল্প, যার জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮৯ লক্ষ টাকা। এই কাজের অগ্রগতি সন্তোষজনক, এবং প্রকল্পটি আগামী বছরের মার্চ মাসে শেষ হওয়ার কথা রয়েছে।’
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলেমান বলেন, ‘আমরা এতদিন ধরে এটি করতে পারিনি, তবে এখন করতে সক্ষম হয়েছি। যেহেতু আমরা খুব শীঘ্রই নতুন ক্যাম্পাসে স্থানান্তরিত হচ্ছি, তাই বর্তমান ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এ কারণেই আমরা ক্যাম্পাসের চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছি।’















