জাগো কন্ঠ ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৩৪ অপরাহ্ণ
সাখাওয়াত হোসেন সুজন পীরগাছা প্রতিনিধি (রংপুর)
রংপুরের পীরগাছা উপজেলায় মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে শান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার কারণে কাউনিয়া-গাইবান্ধা ও বগুড়ার সঙ্গে রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে। এ ছাড়াও দোলনচাঁপা ও করতোয়া এক্সপ্রেস ট্রেনও আটকা পড়েছে।
রংপুর রেলের সুপারিনটেনডেন্ট সংকর গাঙ্গুলী জানান, বৃষ্টির কারণে স্লিপার ঢেবে যাওয়াই দুর্ঘটনার সম্ভাব্য কারণ। তিনি বলেন, “বগি তুলতে রেলকর্মীরা দ্রুত কাজ শুরু করেছেন, তবে বৃষ্টির কারণে কাজের গতি ধীর হচ্ছে। আমরা আশা করি, কয়েক ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।”
স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় এখনও পুরাতন ব্রিটিশ আমলের কাঠের স্লিপার ব্যবহার করা হচ্ছে এবং পাথরের পরিমাণও কম। এজন্য বর্ষাকালে এই ধরনের দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, যা আশার বিষয় হিসেবে ধরা হচ্ছে।
পীরগাছার রেলস্টেশনের কর্মীরা জানিয়েছেন, উদ্ধার কাজের পাশাপাশি ট্রেন চলাচলের পুনরায় সূচনা ও রেলপথের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপরতা চালানো হচ্ছে। স্থানীয়রা আরও দাবি করেছেন, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে পুরনো স্লিপার পরিবর্তন এবং পর্যাপ্ত পাথরের ব্যবস্থা করা জরুরি।
এই দুর্ঘটনার কারণে উপজেলার ভ্রমণকারী ও যাত্রীদের দৈনন্দিন যাতায়াত ব্যাহত হচ্ছে। রেল কর্তৃপক্ষ জরুরি পরিকল্পনা হাতে নিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।












