জাগোকন্ঠ ৯ জুলাই ২০২৪ , ৩:২৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
ভোলার দৌলতখান উপজেলায় কবরস্থানের জায়গা না পেয়ে জবেদা খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে নিজের ঘরের মাঝখানে দাফন করা হয়েছে। গত বুধবার উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আজিমদ্দি সরদার বাড়িতে এ ঘটনা ঘটে। জবেদা খাতুনের সফিজল ও রফিজল নামে দুই ছেলে এবং জাহানারা ও জরিনা নামে দুই মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানান, মৃত জবেদা খাতুনের ছেলে রফিজলের সঙ্গে একই বাড়ির তার চাচাতো ভাই রফিকের দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। গত মঙ্গলবার সন্ধ্যায় জবেদা খাতুন মারা গেলে তাকে রফিকের পারিবারিক কবরস্থানে দাফন করতে গেলে তারা বাধা দেন। এলাকাবাসী ও মৃতের স্বজনেরা অনুনয়-বিনয় করে রফিকদের একাধিকবার বোঝানোর চেষ্টা করেন। এরপরও তাদের মন গলেনি। পরে বুধবার তার ছেলেরা কোনো জায়গা না পেয়ে তাদের ঘরের বারান্দার মাঝাখানে মায়ের দাফন করেন।
এ ঘটনায় পুরো এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (৪ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে দুপুর পর্যন্ত কবর দেখতে বিভিন্ন এলাকা থেকে রফিজলের বাড়ি ভিড় করেছেন শত শত মানুষ। এদিকে ঘটনা জানাজানি হলে বৃহস্পতিবার বিকেলে কবরটি অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেন রফিকসহ তার পরিবার। মৃত জবেদা খাতুনের ছেলে রফিজল বলেন, ‘মা মারা যাওয়ার পর দাফনের জন্য একটু জমি খুঁজেছি। কিন্তু কেউ দেয়নি। সাড়ে তিন হাত জমির জন্য মাকে কবর দিতে পারিনি। এখন আবার কবর তুলতে বলা হচ্ছে। আমরা গরিব মানুষ, কোথায় যাব! মার কবর তুলব না।
এ বিষয়ে জানতে চাইলে দৌলতখান থানার ওসি সত্যরঞ্জন খাসকেল বলেন, ‘জবেদা খাতুন নামে এক বৃদ্ধার কবর ঘরের মাঝখানে দেওয়া হয়েছে শুনে ঘটনাস্থল পরিদর্শন করি। অনেকেই কবরটিকে সরিয়ে নেওয়ার জন্য বলছেন। যদি তার ছেলে ও পরিবার মনে করেন, কবরটি সরিয়ে নেওয়া হোক, তা হলে সরিয়ে নেবেন। আর যদি না চান তা হলে সেখানেই থাকবে।’














