দেশজুড়ে

মেট্রোরেল শনিবার থেকে নতুন সূচিতে চলবে

  জাগোকন্ঠ ১৬ ফেব্রুয়ারি ২০২৪ , ৩:২১ অপরাহ্ণ

রিপোর্ট ؛ মুর্তুজা পাপ্পু : যানজটের এই রাজধানীতে কম সময়ে দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুবিধার কারণে দিনদিন চাহিদা বাড়ছে মেট্রোরেলের। যাত্রী চাহিদা পূরণে এখন প্রতিদিন ১৫২ বার চলছে মেট্রোরেল। কিন্তু এতেও চাহিদা পূরণ হচ্ছে না। তাই আরও ২৬ বার চলাচল বাড়িয়ে এখন প্রতিদিন ১৭৮ বার চলাচল করবে মেট্রোরেল। আগামী শনিবার থেকে পিক আওয়ারে ৮ মিনিট পরপর চলবে এই ট্রেন। 
বৃহস্পতিবার বিকেলে মেট্রোরেলের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক। তিনি বলেন, ‘যাত্রী চাহিদা বাড়ায় অফিস টাইমে  পিক আওয়ার, স্পেশাল অফপিক ও অফপিক আওয়ার-এই তিন ধাপে সময় ভাগ করে ট্রেন চলাচল করবে। এতে শনিবার থেকে পিক আওয়ারে ৮ মিনিট, স্পেশাল আওয়ারে ১০ মিনিট ও অফপিক আওয়ারে ১২মিনিট  পরপর ট্রেন পাওয়া যাবে।’ এখন উত্তরা-মতিঝিল সকাল ৭টা ১০ মিনিটে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে۔
সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক আরও বলেন, ‘ঘুড়ি ও ফানুস ওড়ানোর কারণে সুতা জড়িয়ে প্রায়ই বন্ধ হয়ে যাচ্ছে মেট্রোরেল। ঘুড়ি ও ফানুস ওড়ানোর কারণে ট্রেন চলাচল অসম্ভব হয়ে পড়েছে। তাই যারা মেট্রো এলাকায় ঘুড়ি ও ফানুস ওড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 
এর আগে বৃহস্পতিবার টেকনিক্যাল কারণেই বন্ধ ছিলো মেট্রোরেল। তবে বুধবার তারে ঘুড়ির সুতা জড়িয়ে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ট্রেন। এজন্য দুইজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

আরও খবর: