অপরাধ

ভেদরগঞ্জে জমি নিয়ে বিরোধ, মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় গ্রেফতার এক

  জাগো কণ্ঠ ডেস্ক ৩ এপ্রিল ২০২৫ , ১১:০৪ পূর্বাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের ভেদরগঞ্জ সখিপুরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বীর মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় সখিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন আহত মুক্তি যোদ্ধা। পরে চরভাগা এলাকা থেকে পুলিশ আকবর সিকদার নামে অভিযুক্ত এক জনকে গ্রেফতার করে জেলা কারাগারে প্রেরন করেন।

হামলায় মুক্তিযোদ্ধা আবদুর রশিদ সিকদার তাঁর ছেলে আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন, সাখাওয়াত হোসেন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় আহত মুক্তিযোদ্ধা আবদুর রশিদ সিকদার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে সখিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন, চরভাগা ইউনিয়নের মধ্য ঢালীকান্দি গ্রামের মৃত হজরত আলী সিকদারের ছেলে জব্বার সিকদার (৪৫),আকবর সিকদার (৪২),খালেক সিকদার (৬০), খালেক সিকদারের ছেলে আফজাল সিকদার (৩৭), তৈয়ব আলী সিকদার (৪০), জব্বার সিকদারের ছেলে সাকিব সিকদার(২১), সালমান সিকদার (১৯), ও কুলসুম বেগম, মাহমুদা বেগম,নাবিলা সিকদার।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সখিপুর থানার চরবাগা ইউনিয়নের মধ্য ঢালীকান্দি এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ সিকদারের সঙ্গে প্রতিবেশী জব্বার সিকদারের জমি নিয়ে বিরোধ রয়েছে। ঈদ উপলক্ষে রশিদ সিকদারের ছেলেরা বাড়িতে এলে গত রোববার বিকেলে তাঁদের ফসলি জমি মাপজোখ করতে যান। সেখানে জব্বার সিকদার তাঁদের বাধা দেন। এ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। সেসময় ঘটনাটি রশিদের সন্তানেরা পুলিশকে জানান। গত রোববার রাতে সখীপুর থানার পুলিশ বিষয়টির খোঁজ নিতে ওই এলাকায় যায়। এতে ক্ষুব্ধ হন জব্বার সিকদার ও তাঁর পরিবারের সদস্যরা। এর জের ধরে সোমবার সকালে জব্বার সিকদার ও তাঁর লোকজন নিয়ে রশিদ ও তাঁর ছেলেদের ওপর হামলা করেন। পরে রশিদ সিকদারকে তাঁর সন্তানেরা শরীয়তপুর সদর হাসপাতেল আনেন চিকিৎসা করানোর জন্য। সেখানে রশিদ ও তাঁর ছেলে আলমগীর হোসেনকে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রশিদ সিকদারকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন চিকিৎসক। এবং ওই ঘটনায় আহত জাহাঙ্গীর হোসেন ও সাখাওয়াত হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে বুধবার ভোরে আবারও ওই মুক্তিযুদ্ধার বাড়ীতে লুটপাটের ঘটনা ঘটেছে।

এবিষয়ে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আবদুর রশিদ সিকদার বলেন, দীর্ঘদিন ধরে জব্বর শিকদারের সাথে আমার জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে ঈদের দিন ফজরের নামাজ পড়ে বাড়ি আসার পথে জব্বার শিকদার এবং তার লোকজন আমার উপর হামলা চালায়। আমি এ হামলার বিচার চাই।

মারধরের অভিযোগের ব্যাপারে জানতে জব্বার সিকদারের বাড়ীতে গেলে তাদের কাউকে পাওয়া যায় নি।

এ ব্যাপারে সখিপুর থানা পুলিশের ভারপ্রপ্ত কর্মকর্তা ওবায়েদুল হক বলেন, ‘এক মুক্তিযোদ্ধার সঙ্গে জমিজমা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে একটি মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

শা/হ/আই

আরও খবর: