জাগো কন্ঠ ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:৪২ পূর্বাহ্ণ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি মুক্তাদির অনিক, সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক শহীদ রানা, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তারেক হোসেন বাপ্পি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান, কল্যাণ সম্পাদক মো. সাফায়েত হোসেন, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আবু ইউসুফ ও আঞ্জুমান আরা মুনসহ ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্যরা।
এর আগে সাংবাদিক নেতারা বলেন, ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি।
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য যে আত্মত্যাগ হয়েছিল, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও রাষ্ট্রের সর্বস্তরে এর সঠিক প্রয়োগ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।
তারা আরো বলেন, নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে ভাষা শহীদদের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।












