জাগো কণ্ঠ ডেস্ক ২২ জুলাই ২০২৫ , ২:১৪ অপরাহ্ণ
মাহাবুব তালুকদার:
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শরিরের ৯০ শতাংশ আগুনে পুড়ে নিহত আব্দুল্লাহ ছামীমের (১৩) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালী ইউনিয়নের মাঝিকান্দি গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
সোমবার (২১ জুলাই) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন ছামীম। তার বাবা আবুল কালাম মাঝি সাত মাস আগে সৌদি আরবে মারা যান। আজ মঙ্গলবার (২২ জুলাই) ভোরে ছামীমের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সকাল ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশেই তার দাফন সম্পন্ন করা হয়।
ছামীমের মামাতো ভাই আব্দুল্লাহ হুসাইন জানান, আমরা ছোটবেলা একসঙ্গে কাটিয়েছি। এখন শুধু স্মৃতি। মামা সাইফুল ইসলাম বলেন, পুরো পরিবার ভেঙে পড়েছে। এমন দুর্ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, আমরা তদন্ত ও বিচার চাই।
মাত্র সপ্তম শ্রেণিতে পড়া সামীমের এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার, সহপাঠী এবং পুরো এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোক। সামাজিক যোগাযোগমাধ্যমে বহু মানুষ তার আত্মার মাগফিরাত কামনা করছেন।










