জাগো কণ্ঠ ডেস্ক ২ সেপ্টেম্বর ২০২২ , ৭:০২ পূর্বাহ্ণ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১১ কেজি ওজনের একটি বোয়াল মাছ।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে দৌলতদিয়া ঘাটের অদূরে পাবনার জেলে আনন্দ হালদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটি পরে ২০ হাজার টাকায় বিক্রি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলে আনন্দ হালদার তার সহযোগীদের নিয়ে রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদী এলাকায় মাছ ধরতে আসেন। সকালে তার জালে বড় একটি বোয়াল মাছ আটকা পড়ে।
পরে তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত দুলাল মণ্ডলের মৎস্য আড়তে নিয়ে আসলে সকাল সাড়ে ১০টার দিকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৫ নং ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ৯০০ টাকা কেজি দরে ২০ হাজার ১০০ টাকায় মাছটি কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, সকালে পদ্মায় বড় একটি বোয়াল মাছ ধরা পড়েছে এমন খবর শুনে দৌলতদিয়া মৎস্য আড়তে যোগাযোগ করে দুলাল মণ্ডলের আড়ত থেকে ১১ কেজি ওজনের বোয়াল মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ১ হাজার ৯০০ টাকা দরে মোট ২০ হাজার ১০০ টাকায় কিনে নিই।
পরে মাছটি আমার আড়ত ঘরে এনে বিক্রির জন্য ব্যবসায়ীদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছি। মাছটি ২ হাজার টাকা প্রতি কেজি দরে বিক্রি করব বলেও জানান তিনি।














