জাগো কণ্ঠ ডেস্ক ২১ মার্চ ২০২৫ , ৬:৩৭ পূর্বাহ্ণ
মাহতাব চৌধুরী, নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিতে বিগত প্রশাসনের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে অনিয়ম দূর্নীতি সহ অজস্র অভিযোগ জমা পরেছে বলে জানিয়েছেন কমিটির আহবায়ক।
বুধবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার দুর্নীতি, জুলুম-নির্যাতন এবং আর্থিক ও প্রশাসনিক অনিয়মের বিষয়ে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিতে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে বলে জানা যায়। এতে বৈষম্য,রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার, আপগ্রেডেশন সংক্রান্ত এবং শিক্ষক নিয়োগে দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ বলেন, আমরা অনেকগুলো অভিযোগ পেয়েছি। কিছু কিছু অভিযোগে শিক্ষকরা বৈষম্যের শিকার হয়েছেন বলে জানিয়েছে। কিছু অভিযোগ রয়েছে রাজনৈতিকভাবে হেনস্তা এবং প্রভাব বিস্তার সংক্রান্ত। কিছু অভিযোগ রয়েছে শিক্ষকদের প্রমোশন কিংবা আপগ্রেডেশন সংক্রান্ত। বেশ কিছু অভিযোগ রয়েছে শিক্ষক নিয়োগে দুর্নীতি অনিয়ম সংক্রান্ত। আমরা ইতিমধ্যে বিভিন্ন অভিযোগের তদন্ত কাজ শুরু করেছি। আশা করছি ঈদের বন্ধের পর পরই বেশ কিছু অভিযোগের চূড়ান্ত রিপোর্ট প্রদান করতে পারব।
মাহা/আ/আই
















