জাগোকন্ঠ ২৭ নভেম্বর ২০২৩ , ১২:২০ অপরাহ্ণ
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। জামালপুর-১ আসনের (দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ ) আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জামালপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ। তিনি ৫ বারের সংসদ সদস্য আবুল কালাম আজাদকে হটিয়ে এই আসনে নৌকার মাঝি হলেন।
গত রবিবার বিকালে প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে দেওয়ানগঞ্জে নূর মোহাম্মদের পক্ষে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। নূর মোহাম্মদ দলীয় মনোনয়ন পাওয়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উচ্ছাস দেখা
যায়। অনেকের চোখে আনন্দের অশ্রু ঝড়তে দেখা যায়। বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাকিরুজ্জামান বলেন, দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলায় মানুষের মাঝে ঈদের আনন্দ শুরু হয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতি দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জবাসী চির কৃতজ্ঞ।
দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানাই। জামালপুর-১ আসনে তিনি জনমানুষের নেতা নূর মোহাম্মদকে মনোনয়ন দেওয়ায় গণমানুষের আশার প্রতিফলন ঘটেছে।














