জাগো কন্ঠ ১২ আগস্ট ২০২৫ , ২:০৫ পূর্বাহ্ণ
ইমামুল মিল্লাত:
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আগামী ১৩ আগস্ট ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশে যোগ দিতে বগুড়ার শেরপুর উপজেলার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা প্রস্তুতি সম্পন্ন করেছেন। ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ডাকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা করা হবে।
শেরপুর উপজেলা আহ্বায়ক কমিটির সমন্বয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই বাস ভর্তি শিক্ষক-কর্মচারী মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। তারা ৬৪ জেলার সহকর্মীদের সঙ্গে জাতীয়করণের দাবিতে একযোগে এই কর্মসূচিতে অংশ নেবেন।
আয়োজকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষকরা বেতন-ভাতা ও সুবিধাসহ পূর্ণ জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছেন। কিন্তু পূর্ববর্তী সরকার কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এবার তারা আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করেছেন।











