জাগোকন্ঠ ৩০ মে ২০২৪ , ৯:৪৫ পূর্বাহ্ণ
মামুন হাসান রুবেল, ফ্রান্স প্রতিনিধি:
অত্যন্ত আনন্দঘন,ভাব গাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখরিত পরিবেশের মধ্য দিয়ে টানা চতুর্থ বারের মতো ‘সলিডারিটি আজি ফ্রান্স’ আয়োজিত “বাণিজ্য মেলা বা ঈদ বাজার ২০২৪”রবিবার ২৬ই মে’ অনুষ্ঠিত হয়ে গেল প্যারিসের প্রানকেন্দ্র রিপাবলিক চত্বরে। টানা চতুর্থবারের মতো এ ধরনের বড় পরিসরের অনুষ্ঠান সফলতার সাথে আয়োজন করে ‘সলিডারিটি আজি তার ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার পাশাপাশি অভিজ্ঞতার এক অনন্য মাত্রা অর্জন করল।
পরপর টানা তিনবার আয়োজিত অনুষ্ঠান থেকে অর্জিত শিক্ষা, ভুলত্রুটি সংশোধন এবং পুরনো অভিজ্ঞতা সবকিছু কাজে লাগিয়ে এবং সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করতে পেরে সলিডারিটি আজির ফ্রান্স প্রেসিডেন্ট এন কে নয়ন এবং সাফের স্বেচ্ছাসেবকবৃন্দ অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। অনুষ্ঠানের শুরুতে সাফ এর প্রেসিডেন্ট এন কে নয়ন এবং বাঙালি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। মেলায় উপস্থিত প্রত্যেকের মাঝেই ছিল উচ্ছাস এবং আনন্দের ছড়াছড়ি। এক প্রাণোচ্ছল পরিবেশে সকলেই মেতেছিল। প্রতিবারের মতোই নারীদের মধ্যকার প্রতিভা উন্মোচিত করার পথ সুগম করাই ছিল চতুর্থ বারের মতো আয়োজিত এই মেলার মূল উদ্দেশ্য।
মূলত নারীদের আত্মবিশ্বাস বাড়ানো এবং তাদের নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে পরিচিত করানোর এবং সমাজে অবদান রাখার সুযোগ করে দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা থেকেই এ মেলার আয়োজন।সর্বোপরি এ মেলাকে ঘিরে প্রবাসের মাটিতে বাংলাদেশিদের একটা মিলনমেলায় পরিণত হয়েছিল এবং আগত দর্শনার্থীরা তাদের মিশ্র ও ব্যতিক্রমী প্রতিক্রিয়া ব্যক্ত করেন মেলা সম্পর্কে।
[অনুষ্ঠানের শুরুতে ‘সলিডারিটি আজি ফ্রান্স’এর প্রেসিডেন্ট অনুষ্ঠানে অংশনকারী প্রতিটি স্টলে ঘুরে ঘুরে সবার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।এছাড়া এবারের এই মেলায় বাংলাদেশী ৭০ টা প্রতিষ্ঠানসহ বিদেশী ৫ টা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল। অন্যান্য বারের মত এবারের এই মেলার ও প্রতিপাদ্য বিষয় ছিল বাংলাদেশ এবং বাংলাদেশের পোশাক ও শিল্প সংস্কৃতি বিদেশীদের কাছে পরিচয় করে দেওয়া এবং বরাবরের মতো এবারের আয়োজনটা ও বিদেশিদের কাছে ছিল দৃষ্টিনন্দনীয় ও প্রশংসার দাবিদার,তারা সকলেই ভীষণভাবে উপভোগ করেছিল।এই বাণিজ্য মেলা বা ঈদ বাজারের মেলায় অংশগ্রহণকারী প্রতিটি স্টলের কর্ণধার ছিলেন নারী উদ্যোক্তা।
তারা বলেন যে প্রবাসে বসবাস করার কারণে এবং কর্মব্যস্ততার কারণে ঈদ নিয়ে তেমন উচ্ছ্বাস, উদ্বেগ থাকেনা। ভিনদেশের মাটিতে ঈদের আভাস বা আমেজ ততটা অনুভূত হয় না। কিন্তু এ মেলায় আসার ফলে আসন্ন ঈদের আগ মুহূর্তে একটা ঈদের আমেজ অনুভব করতে পেরে তার জন্য তারা ‘সলিডারিটি আজি ফ্রান্সকে’ কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানান এবং তাদেরকে নিজেদের প্রতিভা ও উদ্যোক্তা হিসেবে মেলে ধরার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য সলিডারিটি আজি ফ্রান্সের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মেলায় আগত দর্শনার্থী এনিটা সাইদ তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন যে,চতুর্থ বারের মতো মেলার আয়োজন তার ভিন্ন মাত্রা ও বৈচিত্রতা ধরে রাখতে সক্ষম হয়েছে। এরকম বাঙালি মেলার আয়োজন মানেই উৎসবমুখর একটা দিন । বিদেশের মাটিতে নিজের দেশকে খুঁজে পাওয়া।
দশানার্থী মেহেরিন বাশার বলেন যে,আমি প্রায় দীর্ঘদিন যাবত ফ্রান্সে আছি কিন্তু এ ধরণের মেলায় আমার সংসার ও কর্মব্যস্ততার কারণে অংশগ্রহণ করা হয়ে উঠেনি, কিন্তু এবারের মেলায় সপরিবারে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে এবং ভীষণ আনন্দ অনুভব করছি এবং পূর্বের মেলাতে অনুপস্থিতির জন্য আফসোস প্রকাশ করেন পাশাপাশি আগামী সব কটি মেলাতে নিজের উপস্থিতি নিশ্চিত করবেন বলে আগাম জানিয়ে রাখেন।
অপর এক দর্শনার্থী নওশিন নুর বলেন, বিদেশের মাটিতে বাঙালিদেরকে ঘিরে বিশেষ করে নারীদের অংশগ্রহণে এই ধরনের মেলার আয়োজন এবং তাতে অংশগ্রহণ সত্যিই দারুন সৌভাগ্যের।এই ধরনের মেলার আয়োজন করার জন্য সলিডারিটি আজি ফ্রান্স এবং এর সংশ্লিষ্ট সদস্যদের কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই।
পরিশেষে,এই মেলাটা সফল করার জন্য সলিডারিটি আজি ফ্রান্স এর সদস্যরা এবং স্বেচ্ছা সেবকরা অক্লান্ত পরিশ্রম করেন।সাফের প্রেসিডেন্ট ধন্যবাদ জানান সাফের সকল সদস্য ও স্বেচ্ছাসেবক রোমান, মামুন, শাবুল, শাহিন, তৌহিদ, ইমন, তানিয়া, তাসনিয়া, তাওহিদা সহ আরো অনেককেই।এবং সর্বশেষ ফরাসিরা অত্যন্ত গুরুত্বসহকারে আমাদের আয়োজন জানার চেষ্টা করেছেন ও মেলাতে উপস্থিত হয়ে নিজেদের উচ্ছ্বাস,ভালোলাগা ব্যক্ত করেছেন এবং সুষ্ঠুভাবে মেলা সম্পন্ন করতে পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করেছেন।

















