দেশজুড়ে

নিজের পাতা ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন কৃষক

  জাগো কণ্ঠ ডেস্ক ২৮ সেপ্টেম্বর ২০২৫ , ৬:০৭ অপরাহ্ণ

মাহাবুব তালুকদার, নিজস্ব প্রতিবেদক:

শরীয়তপুরে ধানখেতে নিজের পাতা ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ভেদরগঞ্জ উপজেলার মহীষার ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মৃত ওই কৃষকের নাম ইয়াসিন খাঁন (৭০)। তিনি মহীষার ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড মির্জাপুর গ্রামের মৃত জুলমাত খানের একমাত্র ছেলে ও স্থায়ী বাসিন্দা ছিলেন।

এলাকাবাসী জানায়, ধানখেতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে ইয়াসিন খাঁন বিদ্যুৎ সংযোগ দিয়ে খোলা তাঁর টাঙিয়ে ইঁদুর মারার ফাঁদ পেতেছিলেন। তিনি রাতের বেলা বিদ্যুৎ সংযোগ চালু করতেন এবং সকালে সেটি বিচ্ছিন্ন করে রাখতেন। গতকাল শনিবার রাতে বিদ্যুৎ সংযোগ চালু করার পর সকালে সেটি বিচ্ছিন্ন করতে ভুলে যান। আজ সকালে ধানখেতে কাজ করতে গেলে বিদ্যুতায়িত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। ইয়াসিন খাঁন দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতে গিয়ে ধানখেতে তার মরদেহ দেখতে পান।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

 

জাগো/আই

আরও খবর: