জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

  জাগো কন্ঠ ২ মার্চ ২০২৬ , ৩:০৯ অপরাহ্ণ

মাহাবুব তালুকদার:

ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এর সাবেক একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।বাংলাদেশ (হুইপস) অর্ডার, ১৯৭২-এর ধারা ৩(১) অনুযায়ী রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন। ঘোষিত তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

শরীয়তপুর জেলার নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এ নিয়োগ ঘিরে আনন্দের আবহ তৈরি হয়েছে। তারা এ সিদ্ধান্তকে শরীয়তপুরবাসীর জন্য গৌরবজনক বলে উল্লেখ করেছেন এবং প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে শরীয়তপুরের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে বলেও তারা বিশ্বাস করেন। সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সরকারের নীতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।