জাগো কণ্ঠ ডেস্ক ২৯ জুন ২০২৩ , ১০:১৪ পূর্বাহ্ণ
ঈদুল আজহা উপলক্ষে পাঁচটি নতুন সিনেমা মুক্তি পেয়েছে। এগুলো হলো— ‘প্রিয়তমা, ‘সুড়ঙ্গ, ‘ক্যাসিনো, ‘প্রহেলিকা ও ‘লাল শাড়ি’। প্রায় ২০০ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এসব সিনেমা। ঈদ উপলক্ষে কয়েকটি বন্ধ সিনেমা হলও খোলা হয়েছে।
সিনেমা হল পাওয়ার দিক থেকে এগিয়ে রয়েছে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা। হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমা মাল্টিপ্লেক্সসহ দেশের ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এটি পরিবেশন করছে ভার্সেটাইল মিডিয়া। সিনেমাটি প্রদর্শনের জন্য ভাসানী অডিটোরিয়াম সিরাজগঞ্জ, রাজিয়া সিনেমা হল ফরিদপুর, নওগাঁর রজনীগন্ধা ও মল্লিকা—এই চারটি বন্ধ হল খোলা হয়েছে।
কয়েকটি সিনেপ্লেক্সসহ দেশের ১৬টি একক হলে মুক্তি পেয়েছে নিরব-বুবলী অভিনীত ‘ক্যাসিনো’ সিনেমা। এর পরিচালক সৈকত নাসির জানান, ‘ক্যাসিনো’ দেখতে কিশোরগঞ্জের তিনটি উপজেলা—ইটনা, মিঠাপুকুর ও অষ্টগ্রামে তিনটি মিলনায়তনে অস্থায়ী সিনেমা হলে রূপ দেওয়া হয়েছে।
ঢালিউড কুইন অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমাটি ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাসসহ দেশের ১২টি হলে মুক্তি পেয়েছে। সিনেমাটির পরিচালক বন্ধন বিশ্বাস জানান, স্টার সিনেপ্লেক্স এখনো পর্দা পাইনি। তবে চেষ্টা করছি। রাতের মধ্যে একটা ফল আসতে পারে। তাহলে হলের সংখ্যা বাড়বে। সিনেমাটিতে অপু বিশ্বাস ছাড়া অভিনয় করেছেন সাইমন সাদিক।









