অপরাধ

মাদক থেকে ফেরার পথে আতঙ্কে দিন কাটাচ্ছেন জেনারুল ইসলাম

  জাগো কণ্ঠ ডেস্ক ২৮ সেপ্টেম্বর ২০২৫ , ৬:৪৮ অপরাহ্ণ

সাখাওয়াত হোসেন সুজন, পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

একসময় মাদক সেবন ও ব্যবসার অন্ধকার জীবনে ডুবে ছিলেন রংপুরের মাহিগঞ্জ ডাকঘরের ভিমলা কানুনগোটলার যুবক মোঃ জেনারুল ইসলাম। অসৎ সঙ্গ আর কিশোর বয়সের ভুল সিদ্ধান্ত তাকে ঠেলে দিয়েছিল মাদকের অচলায়তনে। তবে বাবা-মার কথা ভেবে এবং নিজের ভবিষ্যৎ বাঁচাতে কয়েক বছর আগে সেই পথ থেকে সরে আসেন তিনি। পা রাখেন নতুন জীবনে। কিন্তু স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করেও এখনো শান্তি পাচ্ছেন না তিনি। বরং প্রতিদিন তাকে ঘিরে আছে আতঙ্ক, শঙ্কা আর নানা ধরনের হুমকি।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মাহিগঞ্জ বাজারের একটি কফি শপে আয়োজিত সংবাদ সম্মেলনে জেনারুল নিজেই তার ভয়ের কথা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, তার ভালো পথে ফেরাকে সহ্য করতে পারছে না এলাকার একটি প্রভাবশালী মহল। তারা প্রতিনিয়ত তাকে হুমকি-ধমকি দিচ্ছে এবং বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে।

আবেগঘন কণ্ঠে জেনারুল বলেন— “আমি আগে মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম। এখন সেসব ছেড়ে ভালো হয়ে গেছি। শুধু পরিশ্রম করে বাঁচতে চাই। কিন্তু কিছু মহল আমার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে, আমাকে হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, আমার নিরাপত্তা নিশ্চিত করা হোক।”

তার অভিযোগ, স্থানীয় প্রভাবশালী মাদক ব্যবসায়ীরা নানাভাবে চাপ সৃষ্টি করছে। কখনো প্রাণনাশের হুমকি, কখনো আবার মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছে। এমনকি তার পরিবারও অশান্তির মধ্যে দিন কাটাচ্ছে।

এ বিষয়ে স্থানীয় সুধীজনরা বলেন, জেনারুলের মতো যারা ভুল বুঝে মাদক জীবন থেকে ফিরতে চায়, তাদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে সমাজে কেউই মাদক থেকে বেরিয়ে নতুন পথে হাঁটার সাহস করবে না। সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়ানো এই মাদক সমস্যার সমাধানে প্রশাসনের পাশাপাশি এমন তরুণদের নিরাপত্তা দেওয়া জরুরি বলে মনে করেন তারা।

 

জাগো/আই