জাগো কন্ঠ ২৮ ডিসেম্বর ২০২৫ , ৯:৫৩ পূর্বাহ্ণ
মাহাবুব তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ বদর-উদ-দোজা-ভূঁইয়া এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হকের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে তাকে সমর্থন জানান।
ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার (রতন) বলেন, শরীয়তপুর-৩ আসনে দল একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি এই আসনে বিজয় অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এলাকার উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার আদায়ে কাজ করার অঙ্গীকার করেন তিনি।








