জাগো কণ্ঠ ডেস্ক ২২ সেপ্টেম্বর ২০২২ , ৮:১৯ পূর্বাহ্ণ
বাহাউদ্দীন তালুকদার :
রাজধানীর মিরপুরে বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ঠেকাতে পাল্টাপাল্টি কর্মসূচী পালন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তাদের বিক্ষোভ মিছিল, র্যালী ও পথসভা হয়েছে গোটা মিরপুরে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধগতি, বিদ্যুতের সীমাহীন লোডশেডিং, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নিহত শহীদ রহিম, নুরে আলম ও শাওন হত্যার প্রতিবাদে ধারাবাহিক জনসভার অংশ হিসেবে আজ বুধবার দুপুর ৩ টায় মিরপুরে জনসভা আয়োজনের ঘোষণা দেয় ঢাকা মহানগর উত্তর বিএনপি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর থেকেই একে একে মিছিল, র্যালীতে শ্লোগানের মাধ্যমে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু এমপির জনসংযোগ কার্যালয়ের সামনে জড়ো হন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অপরদিকে পাল্টাপাল্টি কর্মসূচী পালনে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে লক্ষ্য রেখে আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে পুলিশ ছিলো মহড়ায়।
ডিএমপির মিরপুর জোনের ডিসি জসীম উদ্দিন বলেন, দেশের বড় দুই দলীয় কর্মসূচী পালনকালে কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।














