ক্যাম্পাস

প্রথমবারের মতো নোবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৩১ মেধাবী

  জাগো কণ্ঠ ডেস্ক ১৯ জুন ২০২৫ , ১:১৪ অপরাহ্ণ

মাহতাব চৌধুরী, নোবিপ্রবি প্রতিনিধিঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইতিহাসে প্রথমবারের মতো ‘ডিনস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৩১ জন মেধাবী শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) পর্যায়ে চার বছর মেয়াদি চূড়ান্ত পরীক্ষায় অনুষদভিত্তিক সর্বোচ্চ ফল অর্জন করায় এ স্বীকৃতি দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিভিন্ন বিভাগের ক্লাস রিপ্রেজেন্টেটিভদের (সিআর) সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল।

উপাচার্য বলেন, ‘আমরা শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন করতে চাই। ডিনস অ্যাওয়ার্ড সেই উদ্যোগেরই অংশ। ভবিষ্যতে এই স্বীকৃতি আরো বিস্তৃত করা হবে।’

এছাড়া বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে গবেষণা মেলা। যেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ভাবনী গবেষণা তুলে ধরা হবে।

উপাচার্য আরো জানান, গবেষণায় উৎকর্ষ প্রদর্শনের জন্য এবার ‘বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে এবং তিনজন শিক্ষককে দেওয়া হবে ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড’।

উপাচার্য ইসমাইল আরো বলেন, ‘আমাদের লক্ষ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করা। মেধা ও গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং উন্নীত করাই আমাদের উদ্দেশ্য।’

বিশ্ববিদ্যালয় দিবস ঘিরে নোবিপ্রবিতে শুরু হয়েছে নানা আয়োজন। রয়েছে শোভাযাত্রা, আলোচনাসভা, কনসার্টসহ নানা অনুষ্ঠান।

 

নো/বি/আই

আরও খবর: