জাগো কণ্ঠ ডেস্ক ৩১ আগস্ট ২০২২ , ৯:৩৭ পূর্বাহ্ণ
রংপুর: রংপুর নগরীতে পৃথক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪৮ পিস ইয়াবাসহ নারীসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ।
বুধবার (৩১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) মো. সাজ্জাদ হোসেন।
এর আগে মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যা থেকে গভীররাত পর্যন্ত নগরীর পূর্ব কামাল কাছনা হতে জাহাজ কোম্পানি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুর জেলার রামনগর লালবাগ গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে মো. রনি সরকার (৩৫), তারাগঞ্জ উপজেলার মধুরামপুর বকশিপারা গ্রামের মো. শহিদুল ইসলামের কন্যা স্মৃতি আক্তার সীমা (২৫)।
রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি, রংপুর মেট্রোপলিটন পশুরাম থানাধীন চব্বিশ হাজারী মৌজাস্থ কদমতলা বাজারে মায়ের দোয়া ফার্নিচার দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমপুর গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে মো. শাকিল খন্দকার (২৬) গ্রেফতার করে পুলিশ।
পরবর্তীকালে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন পৃথক দুইটি মামলা দায়ের করা হয় বলে জানিয়েছেন অতি. উপ পুলিশ কমিশনার (ডিবি) সাজ্জাদ হোসেন। মাদক নির্মূলে সব ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

















