জাগো কন্ঠ ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৩৬ অপরাহ্ণ
মাহমুদুল হাসান,জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কার্যকর, জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও ক্যাফেটেরিয়ায় ভর্তুকি– এই তিন দাবিতে অনশন শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের দুইটি সংগঠনের নেতারা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রফিক ভবনের নিচে অনশন কর্মসূচিতে বসেন জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব, সাংগঠনিক সম্পাদক অপু মন্সী এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) জবি শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ, সদস্য সচিব শাহীন মিয়া ও মূখ্য সংগঠক ফেরদৌস শেখ।
তাদের দাবিগুলো হলো—
১. শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কার্যকর হওয়ার সময়সীমা নির্দিষ্ট করা।
২. বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ।
৩. ক্যাফেটেরিয়ায় ভর্তুকি, স্বাস্থ্যকর খাবার নিশ্চিতকরণ ও কেন্দ্রীয় লাইব্রেরির আধুনিকায়ন।
ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, “আমরা এতদিন অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি করেছি, কিন্তু প্রশাসন কর্ণপাত করেনি। তাই বাধ্য হয়ে অনশনে বসেছি। এখন হয় প্রশাসন আমাদের দাবি মেনে নেবে, নয়তো নিজেদের অযোগ্যতার বোঝা টানতে হবে।”
বাগছাসের আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, “আমরা জীবন দিতে প্রস্তুত, সিদ্ধান্ত এখন প্রশাসনের হাতে। সম্পূরক বৃত্তি নিয়ে যে নাটক চলছে তার দ্রুত সমাধান চাই। জকসু ১৮ হাজার শিক্ষার্থীর অধিকার, কিন্তু প্রশাসনের সদইচ্ছার অভাবে এটি ঝুলে আছে। ক্যাফেটেরিয়ায় ভর্তুকি ও লাইব্রেরির আধুনিকায়নের দাবি বহুদিনের, কিন্তু উদ্যোগ শূন্য।”
















